ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম।
শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে তাসনিম জানায়, প্রাথমিক তথ্য অনুযায়ী, দ্বীপটিতে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ঘটনার সত্যতা যাচাইয়ের পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এর আগে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়, কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি বস্তু আঘাত হেনেছে। এ সময় দ্বীপের আকাশে উড়োজাহাজ চলাচলের শব্দও শুনতে পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে কারা বা কোন পক্ষ এ হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানে কোনো সমঝোতা হয়নি বলে প্রচারিত খবরকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে কাতারের আন্তর্জাতিক গণমাধ্যম দপ্তর।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, কাতারের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন, যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই আলোচনা চালিয়ে যাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, আলোচনায় অগ্রগতি অর্জনের লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে কাতারের মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।



