বক্স অফিসে আয়ের নতুন রেকর্ড গড়ে তামিল সিনেমার ইতিহাসে জায়গা করে নিয়েছে রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটির বিশ্বব্যাপী আয় ইতোমধ্যে ৮০০ কোটি রুপি ছাড়িয়েছে। মুক্তির পর থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া ছবিটি এখনো প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে চলছে। সিনেমাটির বিপুল সাফল্যের পাশাপাশি আলোচনায় এসেছে অভিনয়শিল্পী ও সংগীত পরিচালকের পারিশ্রমিকের অঙ্কও।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘জেলার ২’-এ অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন রজনীকান্ত। সিনেমাটিতে কাজ করতে তিনি নিয়েছেন প্রায় ১১০ কোটি রুপি। এর বাইরে ছবির মুনাফার একটি অংশ পাওয়ার শর্তেও চুক্তি হয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে সিনেমাটি থেকে তার মোট আয় প্রায় ১৮০ কোটি রুপি হতে পারে।
সিনেমাটিতে আবারও ম্যাথিউ গ্যাংস্টার চরিত্রে পর্দায় ফিরেছেন মালয়ালম অভিনেতা মোহনলাল। এই চরিত্রে অভিনয়ের জন্য তার পারিশ্রমিক প্রায় ৩০ কোটি রুপি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, বলিউড তারকা হৃতিক রোশন অতিথি চরিত্রে স্বল্প সময়ের জন্য পর্দায় হাজির হলেও পারিশ্রমিক পেয়েছেন ২৫ কোটি রুপি। দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির সম্মানীর পরিমাণ ১৫ কোটি রুপির বেশি বলে জানা গেছে।
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা বলিউড অভিনেত্রী বিদ্যা বালান পেয়েছেন ৬ কোটি রুপি। এ ছাড়া এস জে সুরিয়ার পারিশ্রমিক ৩ থেকে ১০ কোটি রুপির মধ্যে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। সুরাজ ভেঞ্জামুডুর সম্মানী প্রায় ১ কোটি রুপি।
অভিনয়শিল্পীদের পাশাপাশি সিনেমাটির সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরও পেয়েছেন বড় অঙ্কের পারিশ্রমিক। সংগীত পরিচালনার জন্য তার সম্মানী নির্ধারণ করা হয়েছে প্রায় ২০ কোটি রুপি।
তবে তারকাদের পারিশ্রমিকের এসব অঙ্ক নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং সংশ্লিষ্ট সূত্রের বরাতেই এসব তথ্য সামনে এসেছে।
উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পাওয়া ব্যবসাসফল সিনেমা ‘জেলার’-এর সিক্যুয়াল ‘জেলার ২’। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি ইতোমধ্যে বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির বেশি আয় করেছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। তামিল চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে ছবিটি বাণিজ্যিক সাফল্যের নতুন মাইলফলক তৈরি করেছে।



