চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মাইশা মুসফিয়াত (২১) নামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (আইআইইউসি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেন ও রেললাইন অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে সীতাকুণ্ডে বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা মহাসড়ক ও রেললাইন অবরোধ করেন।
নিহত মাইশা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তিনি মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া এলাকার বাসিন্দা সাখাওয়াত হোসেন ও সালমা আক্তারের মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ক্লাস শেষে বাড়ি ফেরার উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ঢাকামুখী লেনে অপেক্ষা করছিলেন। এ সময় দ্রুতগতির একটি ঢাকামুখী লরি সামনে থাকা স্থানীয় রুটের ৮ নম্বর বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দেয়। দুর্ঘটনায় তিন শিক্ষার্থী আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাইশা মুসফিয়াতকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে জানান, সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় মাইশা গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে শিক্ষার্থী নিহতের ঘটনায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাসেম পিএসসি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মঙ্গলবার দুপুর দেড়টায় শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেন ও রেললাইন অবরোধ করে রেখেছেন। এতে ওই পথে যানবাহন ও রেল চলাচল ব্যাহত হচ্ছে।



