বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালের নাম নিয়ে নতুন তথ্য সামনে এনেছেন তাঁর বাবা মুনির নাসরাউই। ফুটবলবিশ্বে এত দিন অনেকেই ‘ইয়ামাল’কে তাঁর পারিবারিক পদবি হিসেবে জানলেও মুনির জানিয়েছেন, এটি আসলে তাঁর ছেলের প্রকৃত পারিবারিক পদবি নয়। তাঁর ভাষ্য অনুযায়ী, ছেলের পূর্ণ পারিবারিক পদবি ‘নাসরাউই এবানা’।
সম্প্রতি আলাভেসের বিপক্ষে বার্সেলোনার ৬-১ গোলের বড় জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক লাইভ সম্প্রচারে বিষয়টি স্পষ্ট করেন মুনির। ছেলের সাফল্য নিয়ে নিয়মিত সরব থাকা এই বাবা এবার তাঁর নামের পেছনের অজানা তথ্য প্রকাশ করলেন।
লাইভে মুনির বলেন, অনেকেই বিষয়টি ভুল জানেন। তাই তিনি সবাইকে প্রকৃত তথ্য জানাতে চান। তাঁর দাবি, লামিনে ইয়ামালের পারিবারিক পদবি ‘ইয়ামাল’ নয়, বরং ‘নাসরাউই এবানা’। ভবিষ্যতে এ নিয়ে বিভ্রান্তি এড়াতেই বিষয়টি পরিষ্কার করেছেন তিনি।
২০০৭ সালের জুলাইয়ে বার্সেলোনার শহরতলিতে জন্মগ্রহণ করেন লামিনে ইয়ামাল। তাঁর বাবা মুনির নাসরাউই মরক্কোর বংশোদ্ভূত এবং মা শেইলা এবানার জন্ম বিষুবীয় গিনিতে।
অল্প বয়সেই বিশ্ব ফুটবলে নিজের অবস্থান শক্ত করেছেন ইয়ামাল। বার্সেলোনার জার্সিতে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও এগিয়ে যাচ্ছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। সম্প্রতি ব্যালন ডি’অর পুরস্কারের ভোটে তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি।
মাঠের পারফরম্যান্সে নিয়মিত আলোচনায় থাকা ইয়ামালকে ঘিরে এবার নতুন করে আগ্রহ তৈরি হয়েছে তাঁর নামের প্রকৃত পরিচয় নিয়ে।



