tanaka
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিব্যক্তিগত লেনদেনেও চালু ‘বাংলা কিউআর’, নিজের কোড পাবেন যেভাবে

ব্যক্তিগত লেনদেনেও চালু ‘বাংলা কিউআর’, নিজের কোড পাবেন যেভাবে

ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) গ্রাহকদের জন্য ব্যক্তিগত ‘বাংলা কিউআর’ কোডের মাধ্যমে টাকা পাঠানোর সুবিধা চালু হয়েছে। নতুন এই ব্যবস্থায় একজন গ্রাহক অন্যজনের কিউআর কোড স্ক্যান করেই সরাসরি তাঁর ব্যাংক বা এমএফএস হিসাবে অর্থ পাঠাতে পারবেন। ফলে টাকা পাঠানোর সময় আর হিসাব নম্বর, রাউটিং নম্বর কিংবা মোবাইল নম্বর টাইপ করার প্রয়োজন হবে না।

রোববার (১ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে সেবাটি চালু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া এ ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ভুল হিসাবে টাকা পাঠানো এবং আর্থিক জালিয়াতির ঝুঁকিও কমবে।

যেভাবে সংগ্রহ করবেন নিজের কিউআর কোড

ব্যক্তিগত ‘বাংলা কিউআর’ কোড পেতে গ্রাহকদের আলাদা করে কোথাও আবেদন করতে হবে না। যে ব্যাংক বা এমএফএস প্রতিষ্ঠানের সেবা ব্যবহার করছেন, সেই প্রতিষ্ঠানের মোবাইল অ্যাপ থেকেই নিজের কিউআর কোড তৈরি ও সংগ্রহ করা যাবে।

এ জন্য প্রথমে সংশ্লিষ্ট অ্যাপের সর্বশেষ সংস্করণ ডাউনলোড করতে হবে অথবা আগে থেকে ইনস্টল করা অ্যাপটি আপডেট করতে হবে। এরপর অ্যাপে থাকা নির্ধারিত অপশন থেকে ব্যক্তিগত কিউআর কোড তৈরি করে অন্যের সঙ্গে শেয়ার করা যাবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এত দিন বাংলা কিউআর কোডের ব্যবহার মূলত দোকানে কেনাকাটা কিংবা বিভিন্ন সেবার বিল পরিশোধের মধ্যে সীমাবদ্ধ ছিল। অর্থাৎ, এটি ছিল মূলত মার্চেন্ট পেমেন্ট ব্যবস্থা। নতুন সুবিধা চালুর ফলে এখন ব্যক্তিগত ব্যাংক ও এমএফএস হিসাবের জন্যও কিউআর কোড তৈরি করা যাচ্ছে। এর মাধ্যমে একজন গ্রাহক সরাসরি অন্য গ্রাহকের হিসাবে টাকা পাঠাতে পারবেন।

কিউআর কোড স্ক্যান করেই পাঠানো যাবে টাকা

নতুন পদ্ধতিতে টাকা পাঠানোর জন্য প্রাপকের নাম, হিসাব নম্বর বা মোবাইল নম্বর আলাদাভাবে টাইপ করতে হবে না। এ ক্ষেত্রে প্রাপক নিজের মোবাইল ফোনে কিউআর কোড দেখাবেন। প্রেরক তাঁর ব্যাংক বা এমএফএস অ্যাপ দিয়ে কোডটি স্ক্যান করবেন। এরপর পর্দায় প্রদর্শিত তথ্য যাচাই করে পিন নম্বর দিলেই লেনদেন সম্পন্ন হবে।

প্রাপক দূরে থাকলেও টাকা পাঠানো যাবে সহজেই। সে ক্ষেত্রে তিনি নিজের কিউআর কোডের ছবি বা স্ক্রিনশট পাঠাতে পারবেন। প্রেরক সংশ্লিষ্ট অ্যাপের গ্যালারি থেকে ছবিটি আপলোড করে একই পদ্ধতিতে অর্থ স্থানান্তর করতে পারবেন।

ভুল হিসাবে টাকা যাওয়ার ঝুঁকি কমবে

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, কিউআর কোড স্ক্যান করার পর কিংবা গ্যালারি থেকে ছবি আপলোড করলে প্রাপকের নাম ও হিসাব নম্বরের সংক্ষিপ্ত তথ্য পর্দায় দেখা যাবে। ফলে লেনদেন সম্পন্ন করার আগেই প্রাপকের পরিচয় যাচাইয়ের সুযোগ থাকবে। এতে ভুল ব্যক্তির হিসাবে টাকা চলে যাওয়ার আশঙ্কা কমবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের সব তফসিলি ব্যাংক, এমএফএস প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরকে (পিএসও) এ সেবা চালুর প্রস্তুতি নিতে বলা হয়েছিল। গ্রাহকদের জন্য ৩১ অক্টোবরের মধ্যে নিজ নিজ অ্যাপে কিউআর কোড তৈরি, স্ক্যান এবং গ্যালারি থেকে ছবি আপলোডের সুবিধা যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়। সে অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা যুক্ত করেছে।

নতুন ব্যবস্থায় লেনদেন নিষ্পত্তি হবে বাংলাদেশ ব্যাংক পরিচালিত ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে।

ক্যাশলেস লেনদেন বাড়ানোর উদ্যোগ

১ নভেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যক্তিগত বাংলা কিউআর সেবা দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে। এর মাধ্যমে একজন গ্রাহক অন্যজনের কিউআর কোড স্ক্যান করে সহজে ও নিরাপদে অর্থ পাঠাতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ পদ্ধতিতে টাকা পাঠানোর সময় প্রাপকের মোবাইল নম্বর কিংবা ব্যাংক হিসাব নম্বর টাইপ করার প্রয়োজন হবে না। কিউআর কোড স্ক্যান করে প্রাপকের তথ্য যাচাইয়ের পরই লেনদেন সম্পন্ন করা যাবে।

বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, ব্যক্তিপর্যায়ে অর্থ স্থানান্তরের এ সুবিধা দৈনন্দিন লেনদেনে নগদ টাকার ব্যবহার কমাবে এবং ডিজিটাল পেমেন্টের প্রসার ঘটাবে। পাশাপাশি দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করা এবং মানুষের মধ্যে ক্যাশলেস লেনদেনের অভ্যাস গড়ে তুলতেও ভূমিকা রাখবে নতুন এ উদ্যোগ।