কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কারের জন্য তাঁকে ভোট দিয়েছেন মাত্র একজন। আর সেই ভোটদাতা যে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, তা জানার পর বিস্মিত হয়েছেন আলজেরিয়ান এই ফুটবলার।
কোপা ট্রফিতে ভোট দেওয়ার অধিকার রয়েছে সাবেক ব্যালন ডি’অরজয়ীদের। এবারের ভোটে অধিকাংশের পছন্দের তালিকায় ছিলেন স্পেনের দুই তরুণ ফুটবলার লামিন ইয়ামাল ও পাউ কুবারসি। মেসিও তাঁদের ভোট দিয়েছেন। তবে নিজের তৃতীয় পছন্দ হিসেবে রেখেছেন ইব্রাহিম মাজাকে। পুরো ভোটের তালিকায় মেসির কাছ থেকেই একমাত্র ভোটটি পেয়েছেন লেভারকুসেনের এই মিডফিল্ডার।
ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকার কাছ থেকে এমন স্বীকৃতি পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত মাজা। জার্মান সংবাদমাধ্যম ‘কিকার’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলেও প্রথমে ম্যাচের প্রস্তুতিতেই মনোযোগ ধরে রাখতে চেয়েছিলেন। তবে ভোটের ফল প্রকাশের পর তাঁর ফোনে আসতে থাকে একের পর এক বার্তা।
ভিএফবি স্টুটগার্টের বিপক্ষে ৪-২ গোলে হারের পর মাজা বলেন, ‘প্রথমে আমি ম্যাচের দিকেই মনোযোগ দিতে চেয়েছিলাম। বিষয়টি মাথা থেকে সরিয়ে রাখার চেষ্টা করছিলাম। এরপর অনেক বার্তা আসতে শুরু করে। ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম, খবরটি সত্যি নাকি মিথ্যা তা জানার জন্য। মেসির কাছ থেকে এমন কিছু আশা করিনি।’
তিনি আরও বলেন, ‘এই স্বীকৃতি পাওয়া এবং মেসির মতো একজন ফুটবলারের পছন্দের তালিকায় জায়গা করে নেওয়া আমার জন্য অনেক বড় সম্মানের।’
উল্লেখ্য, বিশ্বকাপে আর্জেন্টিনা ও আলজেরিয়ার হয়ে একই ম্যাচে মাঠে নেমেছিলেন মেসি ও মাজা। গ্রুপ পর্বের ওই ম্যাচে আলজেরিয়া ৩-০ গোলে হেরে যায়। ম্যাচে ৮২ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন মাজা। অন্যদিকে ৮০ মিনিটে মাঠ ছাড়েন মেসি। এরপর জর্ডানকে হারিয়ে এবং অস্ট্রিয়ার সঙ্গে ড্র করে শেষ ৩২-এ জায়গা করে নেয় আলজেরিয়া। তবে পরবর্তী সময়ে সুইজারল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় দলটিকে। প্রতিযোগিতার চার ম্যাচেই আলজেরিয়ার শুরুর একাদশে ছিলেন মাজা।
জাতীয় দলের হয়ে গোল কিংবা অ্যাসিস্ট করতে না পারলেও ক্লাব ফুটবলে দারুণ ছন্দে রয়েছেন এই তরুণ মিডফিল্ডার। নতুন কোচ কার্লেস মার্তিনেজের অধীনে নিয়মিত একাদশে জায়গা করে নিচ্ছেন তিনি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে তিনটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিনটি।
২০২৫ সালের গ্রীষ্মে বায়ার লেভারকুসেনের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হন ইব্রাহিম মাজা।



