tanaka
প্রচ্ছদজাতীয়ডিসেম্বর সামনে রেখে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

ডিসেম্বর সামনে রেখে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

ডিসেম্বরকে সামনে রেখে একটি মহল দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ধরনের অপতৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে যে কোনো মূল্যে তৈরি পোশাক কারখানার উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে শ্রমিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।

বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা মনে করি, কোনো শ্রমিক ভাই এই আন্দোলনের সঙ্গে জড়িত নন। কোনো শ্রমিক সংগঠনও জ্বালাও-পোড়াওয়ের সঙ্গে সম্পৃক্ত নয়। মজুরি বোর্ড গঠন হয়েছে। এর মাধ্যমে তাদের মজুরি নির্ধারণ করা হবে। যেভাবে শ্রমিকদের জীবনমান উন্নয়ন হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন।’

তিনি আরও বলেন, গার্মেন্টস মালিকদের উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানানো হবে, যাতে কোনোভাবেই রপ্তানি খাতে সংকট তৈরি না হয়। মালিকদের শ্রমিকদের সঙ্গে সমন্বয় করে কারখানা পরিচালনার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ হয়তো হঠাৎ করে মালিকরা তাদের প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। আগামী দিনে তাদের কারখানা বন্ধ রাখবেন না—এটিই আমরা আশা করি।’

মজুরি নির্ধারণের বিষয়ে তিনি বলেন, মজুরি বোর্ডের চেয়ারম্যান এ নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন। তবে প্রধানমন্ত্রী বোর্ডকে শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়টি বিশেষভাবে বিবেচনায় রাখার পরামর্শ দিয়েছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে রোববার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয়।

এদিকে সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রমমন্ত্রী।

তিনি জানান, সরকার আগেই সংবাদমাধ্যম, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় নতুন মজুরি বোর্ড গঠনের কথা জানিয়েছিল। এরপরও শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে, যা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।