tanaka
প্রচ্ছদরাজনীতিআমার দেশ পত্রিকা ছেঁড়ার ঘটনায় রাশেদ খাঁনকে অপসারণের দাবি লেবার পার্টির

আমার দেশ পত্রিকা ছেঁড়ার ঘটনায় রাশেদ খাঁনকে অপসারণের দাবি লেবার পার্টির

দৈনিক আমার দেশ পত্রিকা প্রকাশ্যে ছিঁড়ে ফেলার ঘটনায় প্রধানমন্ত্রীর সচিব পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত রাশেদ খাঁনকে অবিলম্বে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

তিনি বলেছেন, প্রকাশ্যে একটি সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশের অধিকারের প্রতি চরম অবজ্ঞার বহিঃপ্রকাশ। একই সঙ্গে এটি সরকারের সমালোচনামূলক সংবাদ প্রকাশের প্রতি ক্ষুব্ধ মনোভাবেরও প্রকাশ।

রোববার (১ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে ডা. মোস্তাফিজুর রহমান ইরান এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, রাশেদ খাঁনের দৈনিক আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনা বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। দেশজুড়ে ক্ষমতাসীন দলের এমপি-মন্ত্রী ও নেতাকর্মীদের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি ও লুটপাটের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের কারণে গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ মনোভাবের বহিঃপ্রকাশ এটি। এ ঘটনার রাজনৈতিক দায় প্রধানমন্ত্রী এড়াতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি।

লেবার পার্টির চেয়ারম্যান আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর প্রশ্রয়ে রাশেদ খাঁন বারবার অযাচিত বক্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ন্ত্রণ ও জবাবদিহি নিশ্চিত না করে তাঁদের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হলে তা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও স্বাধীন সাংবাদিকতার জন্য বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করবে।

ডা. ইরান বলেন, দৈনিক আমার দেশ কেবল একটি সংবাদপত্র নয়; আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক, মজলুম ও স্বাধীনতাকামী মানুষের কণ্ঠস্বর হিসেবে পত্রিকাটির স্বতন্ত্র পরিচিতি রয়েছে। কোনো সংবাদপত্রের বক্তব্যের সঙ্গে দ্বিমত থাকলে তার জবাব যুক্তি, তথ্য ও প্রমাণের মাধ্যমে দিতে হবে, পত্রিকা ছিঁড়ে নয়।

বিবৃতিতে তিনি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি জানান। একই সঙ্গে এ পদক্ষেপের মাধ্যমে প্রধানমন্ত্রীকে প্রমাণ করার আহ্বান জানান যে তিনি চাটুকারিতা ও গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেন না; বরং স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করেন।