ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। শনিবার দুপুরে তাঁরা এ কর্মসূচি পালন করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর ট্রাফিক বিভাগের আওতাধীন মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
এ পরিস্থিতিতে যাত্রী ও চালকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে চলাচলের অনুরোধ জানিয়েছে মিরপুর ট্রাফিক বিভাগ। পাশাপাশি, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ করছেন বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে।



