ইতালির ফুটবলে দীর্ঘদিনের ঐতিহ্যের ইতি টানতে যাচ্ছে দেশটির দুই জনপ্রিয় ক্লাব ইন্টার মিলান ও এসি মিলান। ঐতিহাসিক সান সিরো স্টেডিয়াম ছেড়ে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন ভেন্যুতে নিজেদের ঘাঁটি গড়ার পরিকল্পনা করেছে ক্লাব দুটি। নতুন স্টেডিয়ামে ২০৩১ সাল থেকে ম্যাচ আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ইন্টার ও এসি মিলানের যৌথ উদ্যোগে নির্মিতব্য স্টেডিয়ামটির নাম রাখা হয়েছে ‘জেনেরালি স্টেডিয়াম’। সম্প্রতি এক যৌথ বিবৃতিতে নতুন ভেন্যুর নাম ও নকশা প্রকাশ করেছে ক্লাব দুটি। ৭১ হাজার ৫০০ দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটির নকশা তৈরি করেছে আন্তর্জাতিক স্থাপত্য প্রতিষ্ঠান ফস্টার অ্যান্ড পার্টনার্স ও মানিকা।
নতুন প্রকল্প নিয়ে ক্লাব দুটির প্রত্যাশা, স্টেডিয়ামটি শুধু ফুটবল ম্যাচ আয়োজনের কেন্দ্র হবে না, বরং মিলান শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন হিসেবেও পরিচিতি পাবে।
স্টেডিয়ামের নামকরণের স্বত্ব কিনেছে ইতালির বীমা প্রতিষ্ঠান জেনেরালি। ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, ২০ বছর মেয়াদি চুক্তির আওতায় ৬৫০ মিলিয়ন ইউরো ব্যয় করেছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮ হাজার ৯৯১ কোটি টাকা। স্টেডিয়ামের নামকরণ স্বত্ব বিক্রির ক্ষেত্রে ক্রীড়াঙ্গনের অন্যতম বড় চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে এটি।
প্রকল্পের সময়সূচি অনুযায়ী, ২০২৮ সালে স্টেডিয়ামটির নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে। প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে ২০৩১-৩২ মৌসুমে নতুন মাঠে প্রথম ম্যাচ আয়োজন করতে চায় ক্লাব দুটি।
নতুন স্টেডিয়াম চালু হলে সান সিরো ভেঙে ফেলার পরিকল্পনা রয়েছে। ফলে বহু দশকের স্মৃতি ও ঐতিহ্য বহনকারী এই ভেন্যুর সঙ্গে সম্পর্ক ছিন্ন হবে ইন্টার ও এসি মিলানের।
এর মধ্য দিয়ে ইতালির ফুটবলে একটি ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি ঘটবে। একই সঙ্গে আধুনিক অবকাঠামো ও নতুন পরিকল্পনা নিয়ে নতুন যুগে প্রবেশ করবে মিলানের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব।



