tanaka

মাইগ্রেনের ব্যথা কেন হয়, যেসব অভ্যাস বাড়িয়ে দেয় সমস্যা

মাথাব্যথা হলেই অনেকে সেটিকে মাইগ্রেন ভেবে বসেন, আবার মাইগ্রেনের তীব্র ব্যথাকেও সাধারণ মাথাব্যথা মনে করে অবহেলা করেন। কিন্তু মাইগ্রেন আসলে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের সঙ্গে...
প্রচ্ছদআন্তর্জাতিকউত্তরাখণ্ডে ছয়জনকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, চলছে উদ্ধার অভিযান

উত্তরাখণ্ডে ছয়জনকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, চলছে উদ্ধার অভিযান

ভারতের উত্তরাখণ্ডে ছয়জন আরোহীসহ একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। রাজ্যটির চামোলি জেলার জোশীমঠ-বদ্রীনাথ আকাশপথে শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে বিমান নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর দুর্গম এলাকায় বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটিতে পাইলটসহ মোট ছয়জন ছিলেন। তাদের সবাই পুরুষ। যাত্রীদের মধ্যে রয়েছেন প্রতাপা, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে ও এইচ এস নটরাজ। কপ্টারটির পাইলট ছিলেন ক্যাপ্টেন হিমাংশু।

প্রতিবেদন অনুযায়ী, হালকা তুষারপাতের মধ্যে দুপুর ১টা ১৪ মিনিটে বদ্রীনাথ থেকে দেরাদুনের সহস্রধারার উদ্দেশে যাত্রা শুরু করে ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের হেলিকপ্টারটি। এর কলসাইন ছিল ভিটি-এইচসিএক্স। উড্ডয়নের কিছুক্ষণ পর হাতি পর্বত ও জোশীমঠ উপত্যকা এলাকার আকাশে থাকাকালে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তী সময়ে আধুনিক ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমেও হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট এভিয়েশন সংস্থার সব হেলিকপ্টারের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ছাই গ্রামের উদ্দেশে রওনা হয়। স্থানীয় প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা উদ্ধারকাজে অংশ নিয়েছেন। জোশীমঠের মহকুমা প্রশাসক (এসডিএম) চন্দ্রশেখর বশিষ্ঠ জানিয়েছেন, সেনাবাহিনী, পুলিশ ও জরুরি স্বাস্থ্যসেবা দলের সদস্যরা সমন্বিতভাবে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, জোশীমঠের কাছাকাছি এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। উদ্ধার তৎপরতা তিনি নিজে পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি গুরুতর আহত ব্যক্তিদের দ্রুত এয়ারলিফট করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, প্রতিকূল আবহাওয়া ও দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতির কারণে উত্তরাখণ্ডে হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা আগেও ঘটেছে। গত এক দশকে এ অঞ্চলে অন্তত ১২টি ছোট-বড় হেলিকপ্টার দুর্ঘটনার তথ্য রয়েছে। এর মধ্যে পাঁচটি দুর্ঘটনা ছিল প্রাণঘাতী। গত বছরের জুনে কেদারনাথের কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছিল।

সূত্র: এনডিটিভি