tanaka

চ্যাটজিপিটির পরামর্শে মৃগীর ওষুধ বন্ধ, তরুণীর মৃত্যু: ওপেনএআই ও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা

চ্যাটজিপিটির দেওয়া পরামর্শ মেনে মৃগী রোগের ওষুধ ধীরে ধীরে কমিয়ে একপর্যায়ে পুরোপুরি বন্ধ করে দেওয়ার পর এক তরুণীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ...
প্রচ্ছদআন্তর্জাতিকমধ্যপ্রাচ্যের সংঘাতে চার মাস ধরে বাড়ছে তেলের দাম, হরমুজ প্রণালিতে নতুন হামলার...

মধ্যপ্রাচ্যের সংঘাতে চার মাস ধরে বাড়ছে তেলের দাম, হরমুজ প্রণালিতে নতুন হামলার শঙ্কা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। টানা চার মাস ধরে বিশ্ববাজারে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। এর মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে নতুন করে হামলার ঘটনায় সরবরাহ সংকটের আশঙ্কা আরও জোরালো হয়েছে। এর প্রভাবে শুক্রবারও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ডিসেম্বরের চুক্তির দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৭১ সেন্ট বা ১ দশমিক ৪৯ শতাংশ বেড়ে ১১৬ ডলার ৫৯ সেন্টে পৌঁছেছে। অন্যদিকে জানুয়ারির চুক্তিতে ব্রেন্টের দাম দাঁড়িয়েছে ১১২ ডলার ৫১ সেন্ট।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৪৫ সেন্ট বা ১ দশমিক ৪২ শতাংশ বেড়ে ১০৩ ডলার ৪৫ সেন্টে উঠেছে।

চলতি মাসের হিসাব অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৩ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১৪ শতাংশ বাড়তে যাচ্ছে। এর মধ্যেই শুক্রবার হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরক দিয়ে হামলার খবর জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। সংস্থাটির তথ্য অনুযায়ী, একটি ছোট নৌকা থেকে ট্যাংকারটিতে বিস্ফোরক লাগিয়ে হামলা চালানো হয়। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিশ্বের জ্বালানি বাণিজ্যে হরমুজ প্রণালির গুরুত্ব অত্যন্ত বেশি। উপসাগরীয় অঞ্চল থেকে অপরিশোধিত তেলসহ বিভিন্ন জ্বালানি পণ্য পরিবহনের অন্যতম প্রধান সমুদ্রপথ এটি। ফলে এই নৌপথে নিরাপত্তাঝুঁকি তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। সাম্প্রতিক হামলার ঘটনায় সেই উদ্বেগ আরও বেড়েছে।

এ বিষয়ে এমএসটি মার্কির জ্বালানি গবেষণা বিভাগের প্রধান শল কাভোনিক বলেন, হরমুজ প্রণালির আশপাশে সামরিক তৎপরতা এখনো অব্যাহত রয়েছে। একই সঙ্গে কূটনৈতিকভাবে সংকট সমাধানের সম্ভাবনা নিয়েও অনিশ্চয়তা কাটেনি। ফলে আগামী কয়েক সপ্তাহে সংঘাত আরও বিস্তৃত হতে পারে। এমন আশঙ্কাই জ্বালানি তেলের দামকে উচ্চপর্যায়ে ধরে রাখছে।

এদিকে বৃহস্পতিবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দাবি করেছে। তাদের দাবি করা লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে দেশটির বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরা, রাবিগ শোধনাগার এবং সৌদি আরামকোর আবকাইক উৎপাদনকেন্দ্র। অন্যদিকে হুথিদের ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

অন্যদিকে ইরানকে ঘিরেও কূটনৈতিক তৎপরতা চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চিকিৎসাসামগ্রী পাঠানোর বিষয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দেশটির সঙ্গে যোগাযোগ করেছেন। পাশাপাশি শান্তি আলোচনা আবার শুরু করার উদ্যোগ হিসেবে তেহরানে একটি চিঠিও পাঠিয়েছেন তিনি। তবে এখন পর্যন্ত ওই চিঠির কোনো জবাব দেয়নি ইরান।

জ্বালানি বাজারের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকেরা। সাক্সো ব্যাংকের পণ্যবাজার কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন মনে করেন, ইসরাইলের পার্লামেন্ট নির্বাচন এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনকে কেন্দ্র করে আগামী কয়েক সপ্তাহে আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। ফলে মধ্যপ্রাচ্যের সংঘাতের পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতিও জ্বালানি তেলের দামের ওপর প্রভাব ফেলতে পারে।