tanaka
প্রচ্ছদসারাদেশ‘গণতন্ত্র উত্তরণে তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই’: খন্দকার মারুফ

‘গণতন্ত্র উত্তরণে তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই’: খন্দকার মারুফ

দেশে টেকসই উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। তাঁর দাবি, শেখ হাসিনার শাসনামলের ধ্বংসাত্মক ও আতঙ্কের রাজনীতির বিপরীতে শান্তি, উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সুস্থ ধারার রাজনীতি চালু করেছেন তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেঘনা উপজেলা যুবদল বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের আয়োজন করে।

ড. খন্দকার মারুফ হোসেন বলেন, বর্তমান সরকার অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কঠোর বার্তা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, অন্যায় করে কিংবা বিএনপির নাম ব্যবহার করে কেউ পার পাওয়ার সুযোগ পাবে না। দলের পরিচয় ব্যবহার করে অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার কথাও তুলে ধরেন তিনি।

যুবদল প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরলেন মারুফ

যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে ড. খন্দকার মারুফ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির ‘ভ্যানগার্ড’ হিসেবে যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর ভাষায়, যুবদল প্রতিষ্ঠা ছিল জিয়াউর রহমানের দূরদর্শী ও সময়োপযোগী সিদ্ধান্ত।

এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।

মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব আবদুল হান্নান।

র‍্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল অদুদ মুন্সি, সদস্যসচিব এস এম সালাহউদ্দিন সরকার, জয়নাল আবেদীন, অধ্যাপক শহীদুল ইসলাম, মো. শহীদুল্লাহ সরকার, আবু ইউসুব নয়ন, মো. জহিরুল ইসলাম ও দিলারা শিরীনসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।

আইনশৃঙ্খলা কমিটির সভায়ও বক্তব্য

এর আগে বৃহস্পতিবার সকালে দাউদকান্দি উপজেলা পরিষদের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ড. খন্দকার মারুফ হোসেন।

সভায় সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি আক্তার।