চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে তাঁকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। ফ্লাইটটির গন্তব্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৮ মিনিটে বিমানটি যাত্রা শুরু করে।
এর আগে গত ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে অংশ নেন তিনি।
এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব আলোচনায় বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সফরের অংশ হিসেবে জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।



