মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের নির্ধারিত সময়সীমা আরও দেড় মাস বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আগামী ১৫ নভেম্বরের পরিবর্তে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিপুলসংখ্যক মোটরসাইকেলে নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট লাগানোর কাজ শেষ করা কঠিন হওয়ায় এ প্রস্তাব দেওয়া হয়েছে।
বিআরটিএর চেয়ারম্যানের বিবেচ্যপত্রে দেশের নিবন্ধিত মোটরযানের পরিসংখ্যান তুলে ধরে সময় বাড়ানোর যৌক্তিকতা ব্যাখ্যা করা হয়েছে। এতে বলা হয়, দেশে নিবন্ধিত মোটরযানের সংখ্যা প্রায় ৬৮ লাখ। এর মধ্যে প্রায় ৫০ লাখই মোটরসাইকেল, যা মোট নিবন্ধিত যানবাহনের প্রায় ৭৪ শতাংশ। এত বিপুলসংখ্যক মোটরসাইকেলের সামনে নির্ধারিত সময়ের মধ্যে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করা কঠিন বলে মনে করছে সংস্থাটি।
এ ছাড়া বিষয়টি নিয়ে মোটরসাইকেল মালিকদের বিভিন্ন মতামত ও মন্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে আলোচনা চলছে। এসব দিক বিবেচনা করে ১৫ নভেম্বরের পরিবর্তে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণের অনুরোধ জানানো হয়েছে। তবে সময় বাড়ানোর বিষয়টি এখনো প্রস্তাবের পর্যায়ে রয়েছে।
এর আগে বিআরটিএর প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগিয়ে প্রদর্শনের জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। বিজ্ঞপ্তিতে সড়ক পরিবহণ আইন, ২০১৮ এবং সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২-এর উল্লেখ করে বলা হয়, মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষ অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব প্লেটে নিবন্ধন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। এর পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটারের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে প্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। দুই ধরনের প্লেটেই অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।
নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। প্লেটের পটভূমি হবে সাদা এবং বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে কালো রঙে। এতে কোনো ধরনের নকশা বা শোভাবর্ধক উপাদান রাখা যাবে না। তবে স্কুটার ছাড়া অন্য মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধন নম্বর একটি আনুভূমিক রেখায় লেখার সুযোগ রয়েছে।
প্রাথমিকভাবে মোটরসাইকেলের মালিকদের নিজেদের উদ্যোগে নির্ধারিত মাপ ও অন্যান্য শর্ত অনুসরণ করে সামনের নম্বরপ্লেট সংযোজন করতে বলা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয় গণবিজ্ঞপ্তিতে। এখন সেই সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব বিবেচনায় এসেছে।



