বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জাতীয় সংসদে ওবায়দুল কাদের বলেছিলেন— আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে গেলে এক লাখ লোক মারা যাবে। তোফায়েল আহমেদও সংসদে বলেছিলেন, আওয়ামী লীগ না থাকলে দুই লাখ লোক মারা যাবে। কিন্তু বাস্তবে ক্ষমতা হারানোর পর তেমন কিছুই ঘটেনি। বিএনপি কখনো হত্যার রাজনীতি করে না।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের মান্দাইল এলাকায় শ্রী শ্রী মা রক্ষা কালীমন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর রায় আরও বলেন, গত ১৬ বছরে কেরানীগঞ্জে দেখেছি— ইউএনও অফিসে এক কোটি টাকা অনুদান এলে তার অর্ধেক গায়েব হয়ে যেত। সরকারি মালামাল এলে অর্ধেক বিক্রি করে দেওয়া হতো, আর অর্ধেক ভাগাভাগি করে নেওয়া হতো। অথচ আমরা প্রতি রমজানে ইফতার সামগ্রী এবং ঈদে আমাদের সামর্থ্য অনুযায়ী সেমাই, দুধ, চিনিসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছি। আমরা কখনো মানুষের মুখের আহার কিংবা তাদের টাকা-পয়সা কেড়ে নিইনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায়, সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুসহ অন্যরা।



