নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপি ও জোটের প্রার্থী হয়েছেন এলিজা জামান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতেও প্রার্থী হিসেবে এলিজা জামানের নাম ঘোষণা করা হয়।
এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি তিনি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর নির্দেশে গত ১ অক্টোবর ফেরদৌসী আহমেদ মিষ্টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। এরপর আসনটিতে উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের দিন ধার্য রয়েছে।
তবে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর একজন বৈধ প্রার্থী থাকলে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
সংরক্ষিত নারী আসনের এ উপনির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য গত ১৬ অক্টোবর মনোনয়ন ফরম বিতরণ শুরু করে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, ৭০ জন নারী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাঁদের মধ্যে ৬৮ জন আবেদন জমা দেন। শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পেয়েছেন এলিজা জামান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানি) থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন এলিজা জামান। তবে ১২ জানুয়ারির নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পাননি।
এলিজা জামানের বাবা সরদার সুলতান মাহমুদও সাবেক সংসদ সদস্য ছিলেন।



