যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। পাল্টা গুলিবর্ষণে হামলাকারীও নিহত হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে পারিবারিক বিরোধসংক্রান্ত তদন্তে ঘটনাস্থলে গেলে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে আহত দুই কর্মকর্তা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল।
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার ক্রিস্টোফার প্যারিস বলেন, ঘটনাস্থলকে এখনও “অত্যন্ত সক্রিয় এলাকা” হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ঘটনায় যৌথ তদন্ত টিম গঠন করা হবে এবং এফবিআইয়ের সহায়তা নেওয়া হচ্ছে।
গভর্নর জোশ শাপিরো নর্থ কডোরাস টাউনশিপে গিয়ে নিহত ও আহত কর্মকর্তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ঘটনাটিকে “পেনসিলভানিয়ার জন্য শোকাবহ ও বিধ্বংসী দিন” বলে আখ্যা দেন।
এ ঘটনায় আশপাশের সড়ক বন্ধ করে স্থানীয় একটি স্কুল ডিস্ট্রিক্ট শিক্ষার্থী ও কর্মীদের ভবনের ভেতরে থাকার নির্দেশ দেয়। পরে বিকেলে সেই নির্দেশ তুলে নেওয়া হয়।
মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি এ ধরনের পুলিশবিরোধী সহিংসতাকে “সমাজের অভিশাপ” হিসেবে মন্তব্য করেছেন।



