কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই) এবং দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কুয়েত সিটির কেসিসিআই ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন দুই দেশের শীর্ষ পর্যায়ের সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা, যার মধ্যে ছিলেন কুয়েত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও।
বৈঠকে বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ তুলে ধরা হয় এবং তৈরি পোশাক, ওষুধ, কৃষিপণ্য ও শিল্পজাত পণ্যের রপ্তানির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, ২০১৬ সালে স্বাক্ষরিত প্রটোকলের আওতায় যৌথ উদ্যোগ, প্রদর্শনী ও তথ্য বিনিময়ের লক্ষ্য থাকলেও তেমন অগ্রগতি হয়নি। এবারের বৈঠকের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। তিনি একে একটি “ঐতিহাসিক মাইলফলক” হিসেবে উল্লেখ করেন।



