tanaka
প্রচ্ছদখেলাআর্তেতার সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়ন আর্সেনালের

আর্তেতার সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়ন আর্সেনালের

মিকেল আর্তেতার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন করেছে আর্সেনাল। নতুন চুক্তি অনুযায়ী ২০৩০ সাল পর্যন্ত লন্ডনের ক্লাবটির দায়িত্বে থাকবেন স্প্যানিশ এই কোচ। চুক্তি নবায়নের পর আর্তেতা জানিয়েছেন, আর্সেনালের সাফল্যের পথচলা এখনও কেবল শুরু হয়েছে।

২০১৯ সালে আর্সেনালের কোচ হিসেবে দায়িত্ব নেন আর্তেতা। চলতি মৌসুম শেষেই তার আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। নতুন চুক্তির ফলে এমিরেটস স্টেডিয়ামে তার অধ্যায় এক দশকেরও বেশি সময় ধরে চলবে।

চুক্তি নবায়নের পাশাপাশি আর্তেতার পারিশ্রমিকও বাড়ানো হয়েছে। আগামী মৌসুম থেকে আগের চুক্তির তুলনায় বছরে অতিরিক্ত ১০ মিলিয়ন পাউন্ড বেতন পাবেন তিনি। এর সঙ্গে থাকছে ৫ মিলিয়ন পাউন্ডের বোনাস।

নতুন চুক্তির পর আর্সেনাল নিয়ে নিজের উচ্ছ্বাসের কথাও জানিয়েছেন ৪৪ বছর বয়সী আর্তেতা। ক্লাবটির বিশেষ সংস্কৃতি ও আবেগ তাকে সবসময় মুগ্ধ করে বলে উল্লেখ করেন তিনি।

আর্তেতার ভাষায়, আর্সেনালের সঙ্গে তার গড়ে ওঠা বন্ধন ও এখানকার স্মৃতিগুলো আজীবন মনে রাখার মতো। একই সঙ্গে ভবিষ্যতে ক্লাবটির হয়ে আরও বড় সাফল্য অর্জনের সুযোগ রয়েছে বলেও বিশ্বাস করেন তিনি।

আর্তেতার অধীনে এখন পর্যন্ত একটি প্রিমিয়ার লিগ ও একটি এফএ কাপ জিতেছে আর্সেনাল। গত মে মাসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির কাছে হেরে শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করে দলটি।

নতুন চুক্তির মাধ্যমে আর্তেতার ওপর আর্সেনালের আস্থা আরও দীর্ঘমেয়াদি হলো। এখন তার সামনে মূল লক্ষ্য ক্লাবটির সাম্প্রতিক উন্নতিকে বড় শিরোপায় রূপ দেওয়া।