tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলহঠাৎ বুক ধড়ফড়, মাথা ঘোরা? হাইপোগ্লাইসিমিয়ায় যে ভুলে বাড়তে পারে বিপদ

হঠাৎ বুক ধড়ফড়, মাথা ঘোরা? হাইপোগ্লাইসিমিয়ায় যে ভুলে বাড়তে পারে বিপদ

ডায়াবিটিসে শুধু রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়াই নয়, হঠাৎ তা কমে যাওয়াও বিপজ্জনক হতে পারে। বিশেষ করে নিয়মিত ওষুধ বা ইনসুলিন নেওয়ার পর অনেক সময় রক্তে শর্করা স্বাভাবিক মাত্রার নিচে নেমে যায়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ অবস্থাকে বলা হয় হাইপোগ্লাইসিমিয়া।

রক্তে শর্করা অতিরিক্ত কমে গেলে শরীরের বিভিন্ন অঙ্গের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে। বিশেষ করে মস্তিষ্কের স্বাভাবিক কাজের জন্য গ্লুকোজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই হাইপোগ্লাইসিমিয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

যে লক্ষণগুলো দেখলে সতর্ক হবেন

রক্তে শর্করা হঠাৎ কমে গেলে বুক ধড়ফড়, শরীর কাঁপা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা ও মাথা ঘোরা—এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে। কারও ত্বক ফ্যাকাশে হয়ে যেতে পারে এবং হৃদ্‌স্পন্দন দ্রুত বা অনিয়মিত হতে পারে।

অবস্থা গুরুতর হলে রোগী বিভ্রান্ত হয়ে পড়তে পারেন। এমনকি অজ্ঞান হয়ে যাওয়া বা খিঁচুনিও হতে পারে।

চিকিৎসক অন্বিত ভট্টাচার্যের মতে, এ ধরনের পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কিছু ভুল এড়িয়ে চলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রোগী সচেতন থাকলে যা করবেন

রোগী যদি সচেতন থাকেন এবং স্বাভাবিকভাবে গিলতে পারেন, তাহলে দ্রুত রক্তে শর্করা বাড়াতে পারে—এমন খাবার বা পানীয় দিতে হবে। মিষ্টি, পানিতে চিনি বা গ্লুকোজ গুলে খাওয়ানো যেতে পারে।

তবে এ সময় চকোলেট, আইসক্রিম বা বিস্কুট না দেওয়াই ভালো। এসব খাবারে চিনি থাকার পাশাপাশি চর্বিও থাকে। ফলে দ্রুত রক্তে শর্করা বাড়ানোর জন্য প্রয়োজনীয় চিনি শরীরে শোষিত হতে তুলনামূলক বেশি সময় লাগতে পারে।

অজ্ঞান বা খিঁচুনি হলে সবচেয়ে বড় ভুল

রোগী অজ্ঞান হয়ে গেলে বা খিঁচুনি শুরু হলে কোনোভাবেই তার মুখে খাবার, পানি, চিনি বা অন্য কোনো কিছু দেওয়ার চেষ্টা করা যাবে না।

এতে খাবার বা তরল শ্বাসনালিতে ঢুকে শ্বাসকষ্ট, ফুসফুসে খাবার ঢুকে যাওয়া কিংবা শ্বাসরোধের মতো জটিলতা তৈরি হতে পারে।

এ অবস্থায় রোগীকে নিরাপদে কাত করে শুইয়ে রেখে দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিতে হবে।

শর্করা স্বাভাবিক মনে হলেও নজরদারি জরুরি

রক্তে শর্করা কিছুটা স্বাভাবিক হওয়ার পর রোগীকে বিশ্রাম দিতে হবে এবং কিছু সময় পর্যবেক্ষণে রাখতে হবে। কারণ প্রাথমিকভাবে সুস্থ মনে হলেও আবার রক্তে শর্করা কমে যেতে পারে।

দ্রুত শর্করা দেওয়ার পরও প্রায় ১৫ মিনিটের মধ্যে উপসর্গ না কমলে, অথবা রোগীর অস্বস্তি অব্যাহত থাকলে দ্রুত হাসপাতালে নেওয়া উচিত।

গুরুতর অবস্থায় নিজের সিদ্ধান্তে অতিরিক্ত ওষুধ বা ইনসুলিন নেওয়া উচিত নয়। এতে রক্তে শর্করা আরও কমে গিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে।

হাইপোগ্লাইসিমিয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত পদক্ষেপ নেওয়া যেমন জরুরি, তেমনি রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী নিরাপদ উপায়ে প্রাথমিক সহায়তা দেওয়াও গুরুত্বপূর্ণ।