tanaka
প্রচ্ছদজাতীয়জামিন দিলে সমাজে ন্যায়বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি হবে’: গাজী নজরুলের বিষয়ে...

জামিন দিলে সমাজে ন্যায়বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি হবে’: গাজী নজরুলের বিষয়ে আদালত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার গাড়িচালক ওবায়দুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মামলাটি আপসযোগ্য নয় উল্লেখ করে আপসনামার ভিত্তিতে জামিন দিলে সমাজে ন্যায়বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন আদালত।

বুধবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নজরুল ইসলামের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী মাহাবুবুর রহমান।

শুনানিতে আইনজীবী বলেন, মামলার বাদী মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহর সঙ্গে আসামিদের সমঝোতা হয়েছে। বাদীপক্ষেরও জামিনে কোনো আপত্তি নেই।

এ সময় আদালত আপসনামাটি পর্যালোচনা করেন। পরে আদালত বলেন, ‘এ ধরনের অনাপসযোগ্য মামলায় একটা আপসনামার ওপরে ভিত্তি করে জামিন দিলে সমাজে ন্যায়বিচার নিয়ে বিরূপ ধারণা সৃষ্টি হবে।’

এরপর আদালত গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেন। ফলে আপাতত তাকে কারাগারেই থাকতে হচ্ছে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর একই মামলায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন আবেদন করা হয়েছিল। সেদিন আদালত মাকছুদাকে জামিন দিলেও নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেন।

যেভাবে মামলার সূত্রপাত

মামলার নথি অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।

মামলা দায়েরের পরদিন আদালত নজরুল ইসলামের চার দিনের এবং মাকছুদার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এরপর নজরুল ইসলামের আরও এক দফা রিমান্ড মঞ্জুর হয়। দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে গত ২৮ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

সর্বশেষ শুনানিতে আসামিপক্ষ বাদীপক্ষের সঙ্গে সমঝোতার বিষয়টি তুলে ধরে জামিন চাইলেও আদালত মামলার ধরন ও আপসনামার বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনটি নামঞ্জুর করেন।