ভারতের রাজধানী নয়াদিল্লির উত্তর-পূর্বাঞ্চলীয় সীমাপুরী এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (৭ অক্টোবর) দিল্লি ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ভবন ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে এখনো উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।
ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ ঘিরে বহু মানুষ জড়ো হয়েছেন। স্থানীয়দের কেউ কেউ খালি হাতে পাথর ও কংক্রিটের স্ল্যাব সরিয়ে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। আবার অনেককে মোবাইল ফোনে ঘটনার দৃশ্য ধারণ করতেও দেখা গেছে।
ভবন ধসের পর স্থানীয়দের ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে দিল্লি ট্রাফিক পুলিশ। উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সে জন্য সড়ক ফাঁকা রাখার আহ্বান জানানো হয়েছে।
দিল্লি ট্রাফিক পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে, সীমাপুরীতে একটি বহুতল ভবন ধসে পড়েছে এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। এ কারণে সীমাপুরী গোলচত্বর, ডিএলএফ ভোপুড়া ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।
অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী যান যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সে জন্য সম্ভব হলে সবাইকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ। একই সঙ্গে ঘটনাস্থলের কাছে গাড়ি থামানো বা পার্কিং না করা, ভিড় না করা এবং পুলিশের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে মাত্র এক মাস আগে দিল্লির সত্য নিকেতনে একটি ছাত্রাবাসে দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় বেশ কয়েকজন আহতও হন। এর এক মাসের মধ্যেই ফের একটি বহুতল ভবন ধসের ঘটনায় রাজধানী দিল্লিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: এনডিটিভি



