tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদন‘আমার থেকে বেশি আমাকে বোঝে শুভ’, দাদাগিরির মঞ্চে দেবের আবেগঘন স্বীকারোক্তি

‘আমার থেকে বেশি আমাকে বোঝে শুভ’, দাদাগিরির মঞ্চে দেবের আবেগঘন স্বীকারোক্তি

টালিউডের একসময়কার বহুল চর্চিত জুটি দীপক অধিকারী দেব ও শুভশ্রী গাঙ্গুলি। অনস্ক্রিন রসায়নের পাশাপাশি তাদের অফস্ক্রিন সম্পর্ক নিয়েও একসময় ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। সময়ের সঙ্গে দুজনের জীবনের পথ আলাদা হয়েছে। তবে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের জায়গাটি যে এখনো অটুট, ‘দাদাগিরি’র বিশেষ পর্বে তারই যেন নতুন করে প্রমাণ মিলল।

জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’র মঞ্চে সম্প্রতি একসঙ্গে দেখা যায় দেব ও শুভশ্রীকে। অনুষ্ঠানে অতীতের সম্পর্ক ও বর্তমানের সমীকরণ নিয়ে কথা বলতে গিয়ে অত্যন্ত সাবলীলভাবে নিজের অনুভূতির কথা জানান শুভশ্রী।

অভিনেত্রী বলেন, ‘ওর সঙ্গে আমার কী অতীত ছিল, সেটার থেকেও বড় কথা—যে কোনো সময় যখন তুমি চাইবে, অবশ্যই সবসময় পাশে আছি।’

শুভশ্রীর এমন আশ্বাসের পর মঞ্চজুড়ে করতালিতে মুখর হয়ে ওঠে পরিবেশ। সাবেক সহ-অভিনেত্রীর কথার জবাবও দেন দেব। আবেগঘন কণ্ঠে শুভশ্রীর প্রশংসা করে তিনি বলেন, ‘ও আমার থেকে বেশি আমাকে বোঝে বলে আমার মনে হয়।’

দুজনের এই কথোপকথনের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহূর্তেই তা নিয়ে শুরু হয় আলোচনা। অনেক ভক্ত-অনুরাগী সাবেক এই জুটির পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যে মুগ্ধতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অনির্বাণের জনপ্রিয় গান ‘আমাদের বকুল তলায় ভিড় জমেছে’ও গাইতে শোনা যায় অনির্বাণকে। জীবনের ঘূর্ণায়মান গতির রূপক হিসেবে উঠে আসে সেই গানের প্রসঙ্গও—সময়ের সঙ্গে পথ বদলালেও জীবনের কোনো এক বাঁকে মানুষ আবার মুখোমুখি হতে পারে। সেখানে তিক্ততার বদলে থাকতে পারে পারস্পরিক শ্রদ্ধা।

বর্তমানে দেব ও শুভশ্রী দুজনেই নিজ নিজ ব্যক্তিজীবন ও ক্যারিয়ারে প্রতিষ্ঠিত। একসময় ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’র মতো সফল সিনেমা উপহার দিয়েছিলেন তারা। তাই পর্দায় হোক কিংবা বাস্তব জীবনে, একফ্রেমে তাদের দেখা গেলেই দর্শকদের মধ্যে তৈরি হয় বাড়তি আগ্রহ।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এই মুহূর্ত নিয়ে সমালোচনাও হয়েছে। এক নেটিজেন প্রশ্ন তুলেছেন, ‘এতই যখন বোঝে তাহলে আলাদা হওয়ার কী দরকার ছিল?’ আরেকজন মন্তব্য করেছেন, ‘দেবের ভুলে যাওয়া উচিত নয়, শুভশ্রী এখন অন্য কারও সন্তানের মা।’ অন্য এক নেটিজেন রুক্মিণী মৈত্রের আত্মসম্মানের প্রসঙ্গও টেনে এনেছেন।

সাবেক সম্পর্ককে কেন্দ্র করে প্রচারের অভিযোগও তুলেছেন কেউ কেউ। তবে ‘দাদাগিরি’র মঞ্চে দেব-শুভশ্রীর কথোপকথনে অন্তত পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের বিষয়টিই স্পষ্ট হয়ে উঠেছে।