tanaka
প্রচ্ছদসারাদেশমেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞা, ভিজিএফ পাবেন ৪২ হাজার জেলে

মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞা, ভিজিএফ পাবেন ৪২ হাজার জেলে

জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় ২২ দিনের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।

নিষেধাজ্ঞার সময়ে নিবন্ধিত জেলেদের মধ্যে ৪২ হাজার ১৫০ জনকে ভিজিএফের আওতায় খাদ্য সহায়তা দেওয়া হবে। প্রত্যেক জেলে পাবেন ২৫ কেজি করে চাল। তবে নিবন্ধিত ৫৪ হাজার জেলের মধ্যে ১১ হাজার ৮৫০ জন এখনো এ সহায়তার বাইরে রয়েছেন। পর্যায়ক্রমে তাদের খাদ্য সহায়তার আওতায় আনা হবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

জেলেরা বলছেন, নিষেধাজ্ঞার সময়ে মাছ ধরতে না পারায় তাদের আয় বন্ধ হয়ে যায়। কিন্তু নিবন্ধিত জেলের তুলনায় সরকারি খাদ্য সহায়তা কম হওয়ায় অনেক পরিবার সংকটে পড়ে। তাই সঠিক তালিকা তৈরি করে দ্রুত সব প্রকৃত জেলেকে খাদ্য সহায়তার আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার মেঘনা নদীকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সময়ে ওই এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা, আহরণ, পরিবহণ, বাজারজাতকরণ ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

নিষেধাজ্ঞা কার্যকর করতে ইতোমধ্যে নদী ও উপকূলীয় এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ মাইকিং, পোস্টারিংসহ বিভিন্ন মাধ্যমে জেলেদের সতর্ক করছে।

জেলা মৎস্য অফিস জানিয়েছে, নিষেধাজ্ঞার ২২ দিনে ৪২ হাজার ১৫০ জেলে পরিবারকে মোট ১৫৩ মেট্রিক টন ভিজিএফের চাল দেওয়া হবে। প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল সরবরাহ করা হবে।

এদিকে নিষেধাজ্ঞা সফল করতে প্রতিদিন নদীতে অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে। মৎস্য বিভাগ, উপজেলা ও জেলা প্রশাসন, পুলিশ এবং কোস্টগার্ডের সমন্বয়ে এসব অভিযান পরিচালিত হবে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে প্রতিদিন নদীতে অভিযান চালানো হবে। এ সময়ে জেলেদের ২৫ কেজি করে খাদ্য সহায়তা দেওয়া হবে। এরপরও কেউ আইন অমান্য করে নদীতে মাছ ধরতে গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে ইলিশের প্রজনন ও সংরক্ষণ কার্যক্রম আরও কার্যকর হবে। এর ফলে ভবিষ্যতে নদীতে ইলিশের উৎপাদন বাড়ার সম্ভাবনা রয়েছে।