tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনবিচ্ছেদই বদলে দিয়েছে উদিতি সিংয়ের জীবন, বললেন ‘আশীর্বাদ’

বিচ্ছেদই বদলে দিয়েছে উদিতি সিংয়ের জীবন, বললেন ‘আশীর্বাদ’

বিগ বস্‌ ২০’-এর সাম্প্রতিক পর্বে ব্যক্তিগত জীবনের পুরনো সম্পর্ক ও বিচ্ছেদের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন উদিতি সিং। সাবেক প্রেমিকের সঙ্গে পোষ্য কুকুরের যত্ন, ঘর পরিষ্কার রাখা এবং দৈনন্দিন অভ্যাসসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধের কথা জানিয়েছেন তিনি। তবে উদিতির দাবি, সেই সম্পর্কের বিচ্ছেদ শেষ পর্যন্ত তার জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে।

অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা তুলে ধরে উদিতি বলেন, তার কাছে বিচ্ছেদটি ছিল ‘ছদ্মবেশে আশীর্বাদ’। সম্পর্ক শেষ হওয়ার পর ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার—দুই ক্ষেত্রেই উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে জানান তিনি।

পুরনো সম্পর্কে সমস্যার শুরু কীভাবে হয়েছিল, সে বিষয়েও কথা বলেন উদিতি। তার ভাষ্য অনুযায়ী, লকডাউনের সময় তিনি ও তৎকালীন প্রেমিক মিলে একটি গোল্ডেন রিট্রিভার কুকুর দত্তক নিয়েছিলেন। নোয়া নামের ওই পোষ্যকে ঘিরেই পরবর্তী সময়ে দুজনের মধ্যে প্রায়ই বিরোধ দেখা দিত। উদিতির কথায়, পোষ্যটির দেখাশোনা নিয়ে তাদের মধ্যে তীব্র ঝগড়া হতো।

কুকুরের যত্নের পাশাপাশি ঘর পরিষ্কার রাখার পদ্ধতি ও দৈনন্দিন জীবনযাপন নিয়েও তাদের মধ্যে মতের মিল ছিল না। উদিতি জানান, তিনি যেভাবে পরিচ্ছন্নতা বজায় রাখতে অভ্যস্ত ছিলেন, তার সাবেক সঙ্গীর পদ্ধতি ছিল ভিন্ন। এসব ছোটখাটো বিষয় ধীরে ধীরে সম্পর্কে প্রভাব ফেলেছিল।

সাবেক প্রেমিকের সঙ্গে বয়সের পার্থক্যও সম্পর্কের টানাপড়েনে ভূমিকা রেখেছিল বলে জানান উদিতি। তার অভিযোগ, সঙ্গী বিভিন্ন সময় তার ওপর কর্তৃত্ব করার চেষ্টা করতেন। এমনকি তাকে কোনো কিছু করার সামর্থ্য নেই বা তিনি কোনো বিষয় জানেন না—এমন কথাও বলা হতো।

এ ধরনের আচরণের প্রসঙ্গে উদিতি বলেন, একজন সঙ্গী যখন তার নিজের মানুষকেই নিরুৎসাহিত করেন, তখন বিষয়টি সম্পর্কের জন্য নেতিবাচক হয়ে দাঁড়ায়।

তবে বিচ্ছেদকে তিনি জীবনের সমাপ্তি হিসেবে দেখেন না। উদিতির মতে, একটি সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু দুজনের চেষ্টাই যথেষ্ট নয়; সময় ও পরিস্থিতিরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সবকিছু ঠিক রাখার চেষ্টা করার পরও কখনো কখনো দুটি মানুষের একসঙ্গে থাকা সম্ভব হয় না।

উদিতির দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৯ সালে কর্ণের সঙ্গে তার সম্পর্কের শুরু। সে সময় অবশ্য তারা প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা জানাননি। ‘বিগ বস্‌ ২০’-এর অনুষ্ঠানে উদিতি জানান, লন্ডনের একটি রেস্তোরাঁ সম্পর্কে জানতে তিনি ইনস্টাগ্রামে কর্ণকে বার্তা পাঠিয়েছিলেন। পরে কর্ণ লন্ডনে গেলে তাদের দেখা হয়। এরপর প্রায় দুই মাস নিয়মিত যোগাযোগের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সূত্র: যুগান্তর