দুই দশকেরও বেশি সময় ধরে ইরাকের তেল বিক্রি থেকে অর্জিত বিপুল অর্থ যুক্তরাষ্ট্রের একটি ব্যাংকে জমা হচ্ছে। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের সরকারের পতনের পর চালু হওয়া এই আর্থিক ব্যবস্থার কারণে তেল আয়ের ওপর ইরাকের নিয়ন্ত্রণ অনেকাংশে ওয়াশিংটনের ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে গেছে। চাইলেও দেশটি সহজে এ কাঠামো থেকে বের হতে পারছে না।
যেভাবে শুরু হয়েছিল এই ব্যবস্থা
২০০৩ সালে মার্কিন আগ্রাসনের পর ইরাকের তেল সম্পদ যেন আন্তর্জাতিক পাওনাদার বা অন্য কোনো পক্ষের নিয়ন্ত্রণে চলে না যায়, সে লক্ষ্যেই বিশেষ একটি তহবিল গঠন করা হয়। জাতিসংঘের ব্যবস্থার আওতায় ইরাকের তেল বিক্রি থেকে পাওয়া অর্থ জমা হতে থাকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে।
যুদ্ধের পর ইরাকের পুনর্গঠন এবং পুরোনো ঋণদাতাদের দাবি থেকে দেশটির সম্পদ সুরক্ষিত রাখাই ছিল এই ব্যবস্থার মূল উদ্দেশ্য। তবে সময়ের সঙ্গে সঙ্গে ওই আর্থিক কাঠামোই ইরাকের ওপর রাজনৈতিক প্রভাব বিস্তারের একটি মাধ্যম হয়ে উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কেন অর্থ অন্যত্র সরাতে পারছে না ইরাক
আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য সাধারণত ডলারে পরিশোধ করা হয়। একই সঙ্গে বৈদেশিক বাণিজ্যেও ইরাকের ডলারের ওপর বড় ধরনের নির্ভরতা রয়েছে। ফলে তেল বিক্রির অর্থ চাইলেই অন্য কোনো দেশে বা ব্যবস্থায় সরিয়ে নেওয়া ইরাকের জন্য সহজ নয়।
এর সঙ্গে রয়েছে সাদ্দাম হোসেনের আমলের কয়েক বিলিয়ন ডলারের পুরোনো ঋণ। এসব ঋণ পুরোপুরি পরিশোধ না হওয়ায় অর্থ অন্য দেশে স্থানান্তর করা হলে বিদেশি পাওনাদারদের আইনি পদক্ষেপের আশঙ্কা রয়েছে।
চলতি বছরের এপ্রিলেও যুক্তরাষ্ট্র ইরাকের প্রায় ৫০ কোটি ডলারের একটি নগদ চালান আটকে দেয়। তেহরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর চাপ তৈরির অংশ হিসেবেই ওয়াশিংটন ওই পদক্ষেপ নিয়েছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।
বিশেষজ্ঞের পরামর্শ
বসরা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ আহমেদ সাদ্দামের মতে, হঠাৎ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর্থিক সম্পর্ক ছিন্ন করা ইরাকের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এতে পুরোনো ঋণদাতারা দেশটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ পেতে পারেন।
তবে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা ধীরে ধীরে কমানোর বিকল্প হিসেবে তিনি ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকে আলাদা হিসাব খোলার পরামর্শ দিয়েছেন। এতে তেল বিক্রির অর্থের লেনদেন বিভিন্ন ব্যবস্থায় ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।
ইরাকের নাগরিকদের ভিন্ন উদ্বেগ
যুক্তরাষ্ট্রের আর্থিক নজরদারি ইরাকের সার্বভৌমত্বের প্রশ্ন তুললেও দেশটির সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে ভিন্ন ধরনের আশঙ্কা রয়েছে। বাগদাদ ও বসরার অনেক নাগরিক মনে করেন, মার্কিন ব্যাংকের কঠোর নজরদারি না থাকলে তেল বিক্রির বিপুল অর্থ দেশের দুর্নীতিগ্রস্ত রাজনীতিকদের হাতে চলে যেতে পারে।
এ কারণে নিজেদের দেশের ব্যাংকের পরিবর্তে মার্কিন ব্যাংকেই অর্থ জমা থাকাকে তুলনামূলক নিরাপদ মনে করেন অনেকে। ফলে ইরাকের তেল আয়ের এই ব্যবস্থা শুধু অর্থনৈতিক লেনদেনের বিষয় নয়; এর সঙ্গে দেশটির আর্থিক নিয়ন্ত্রণ, রাজনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নও জড়িয়ে পড়েছে।



