tanaka
প্রচ্ছদজাতীয়শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: তথ্য উপদেষ্টা

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: তথ্য উপদেষ্টা

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, বিষয়টি মূলত বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় ইস্যু হিসেবে দেখছে সরকার। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তৃতীয় পক্ষ হিসেবে যুক্ত হওয়ার প্রয়োজন নেই।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ শেখ হাসিনাকে দেশে ফেরত চায়। তাকে ফিরিয়ে আনার বিষয়টি দুই দেশের মধ্যকার আলোচনার মাধ্যমেই সমাধানের চেষ্টা করা হচ্ছে। তাই এ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে তৃতীয় পক্ষ হিসেবে সম্পৃক্ত করার প্রয়োজন দেখছে না সরকার।

শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আদালতে দেওয়া রায় ও চলমান মামলার প্রসঙ্গ উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, এসব বিষয় বিবেচনায় নিয়েই তাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।

তিনি আরও জানান, ভারতের হাইকমিশনারের সঙ্গে তার বৈঠকেও শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি সরকারের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে ভারতীয় প্রতিনিধিদের বৈঠক ও আলোচনাতেও বিষয়টি নিয়মিতভাবে উত্থাপন করা হচ্ছে বলে জানান তিনি।