চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লিও ওরফে লুসি এবং খলনায়ক আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিদর্শক জিয়াউল মোর্শেদ প্রতিবেদন জমা দিতে পারেননি। পরে আদালত আগামী ৫ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলায় সালমান শাহর পরিবারের পক্ষের আইনজীবী আবিদ হাসান।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়। এ ঘটনায় এজাহারে নাম থাকা আসামিদের পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজন পরস্পর যোগসাজশে হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীতে নিজ বাসায় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু হয়। ওই সময় তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।
এরপর ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে—এমন অভিযোগ তুলে অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করেন তিনি। পরবর্তী সময়ে এ ঘটনাকে ঘিরে দীর্ঘদিন ধরে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলতে থাকে।



