tanaka
প্রচ্ছদজাতীয়নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক না করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এসকে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আইনজীবী ইসরাত জাহান অমি এ বিষয়ে রিট আবেদন করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, মাদকাসক্ত কোনো ব্যক্তি যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন, সে লক্ষ্যে নির্বাচনি বিধিমালা সংশোধন করে প্রার্থীদের জন্য সরকারি হাসপাতাল অথবা স্বীকৃত (সার্টিফায়েড) পরীক্ষাগারে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা উচিত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী অনি নিজেই। শুনানি শেষে তিনি বলেন, বর্তমান নির্বাচনি আইন ও বিধিমালায় প্রার্থীদের মাদক পরীক্ষার বিষয়ে কোনো সুস্পষ্ট বাধ্যবাধকতা নেই। অথচ সরকারি চাকরি বা পুলিশ বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক।

তিনি আরও বলেন, জনগণের প্রতিনিধিত্ব করবেন যারা—তারা সংসদ সদস্য হোন কিংবা স্থানীয় সরকারের জনপ্রতিনিধি—তাদের মাদকমুক্ত ও সুস্থ মানসিকতার (sound mind) হওয়া প্রয়োজন।