জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের দপ্তরে ‘লিগ্যাল অফিসার’ হিসেবে দায়িত্ব পেয়েছেন জাইমা রহমান। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সভাপতির কার্যালয়ের কর্মকর্তাদের তালিকায় তার নাম ও পদবি উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, জাইমা রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যে অভিজ্ঞ ব্যারিস্টার এবং আইন ও নীতি বিষয়ক পেশাজীবী। ড. খলিলুর রহমানের নেতৃত্বাধীন সভাপতির কার্যালয়ে তিনি আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, ড. খলিলুর রহমানের কার্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে একাধিক কর্মকর্তা রয়েছেন। বাংলাদেশি কর্মকর্তাদের মধ্যে জাইমা রহমান ছাড়াও আব্দুল আলিম, মোয়াজ্জেম হোসেন, মাফিজুল ইসলাম, জাকির আহমেদ এবং মো. রফিকুল আলম মোল্লার নাম রয়েছে।
তালিকায় আব্দুল আলিমকে ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’, মোয়াজ্জেম হোসেনকে উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী, মাফিজুল ইসলামকে তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, জাকির আহমেদকে টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লাকে বিশেষ পরিস্থিতিতে থাকা দেশগুলোবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে উল্লেখ করা হয়েছে।
জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি। আইন বিষয়ে লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পর তিনি যুক্তরাজ্যে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তথ্যও রয়েছে।
এদিকে ড. খলিলুর রহমান ২০২৬ সালের ২ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম অধিবেশন ৮ সেপ্টেম্বর ২০২৬ শুরু হয়েছে এবং ৭ সেপ্টেম্বর ২০২৭ শেষ হবে।
ড. খলিলুর রহমানের সভাপতিত্বাধীন ৮১তম অধিবেশনের মূল প্রতিপাদ্য—‘Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All’।



