সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। এ সময় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তার নিয়োগের ফলে হাইকোর্ট বিভাগে বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে।
২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান দেবাশীষ রায় চৌধুরী। যুক্তরাজ্য থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের পর ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। ২০০৭ সালে হাইকোর্ট বিভাগে এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর বড় ছেলে দেবাশীষ রায় চৌধুরী অতিরিক্ত বিচারপতি হিসেবে নির্ধারিত দুই বছর দায়িত্ব পালন করলেও ৪৫ বছর বয়স পূর্ণ না হওয়ায় এর আগে তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। সম্প্রতি সংবিধান নির্ধারিত বয়সসীমা পূর্ণ হওয়ায় তাকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।



