tanaka
প্রচ্ছদজাতীয়২ কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবেন স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা

২ কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবেন স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা

দেশের প্রায় দুই কোটি শিক্ষক ও শিক্ষার্থীর জন্য ইউনিফায়েড এডু আইডি ও স্মার্ট কার্ড চালুর উদ্যোগ নিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রস্তাবিত একটি মেগাপ্রকল্পের আওতায় এসব ডিজিটাল পরিচয়পত্র তৈরি করা হবে। এ খাতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬ হাজার কোটি টাকা। সে হিসাবে শিক্ষক-শিক্ষার্থীপ্রতি গড় ব্যয় হবে প্রায় ৩ হাজার টাকা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এশিয়া পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিনির্ভর করে তুলতে ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও স্মার্ট লার্নিং পরিবেশ স্থাপন’ নামে প্রকল্প নেওয়ার উদ্যোগ রয়েছে। সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়নের প্রস্তাব করা প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ১৮ হাজার ৫০৫ কোটি টাকা। ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) নতুন প্রকল্প হিসেবে অন্তর্ভুক্তির জন্য মাউশি সম্প্রতি এটি পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে। প্রকল্পটি চূড়ান্তভাবে অনুমোদিত ও বাস্তবায়িত হলে দেশের সিটি করপোরেশন, জেলা শহর ও উপজেলা পর্যায়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা এর আওতায় আসবে।

মূল প্রকল্প শুরুর আগে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পৃথক একটি সমীক্ষা প্রকল্পের প্রস্তাব করা হয়েছে। এ সমীক্ষায় ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে কনসালট্যান্সি সেবায় ৪৩৭ দশমিক ৯২ লাখ, ওয়ার্কশপ আয়োজনে ৩০ লাখ, কম্পিউটার সরঞ্জামে ৮ দশমিক ৬০ লাখ এবং সম্মানি বাবদ ৬ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে।

সমীক্ষার ফলাফলের ভিত্তিতে মূল প্রকল্পের অবকাঠামোগত প্রস্তুতি ও চূড়ান্ত বাজেট কাঠামো নির্ধারণ করা হবে।

প্রস্তাবিত প্রকল্পের আওতায় শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে একটি বড় ডিজিটাল তথ্যভাণ্ডার গড়ে তোলা হবে। এ জন্য কেন্দ্রীয় সার্ভার ও ডেটাবেইস স্থাপন করা হবে। এডু আইডি, স্মার্ট কার্ড, সার্ভার ও ডেটাবেইস স্থাপনে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৬ হাজার কোটি টাকা।

এ ছাড়া প্রযুক্তিনির্ভর শিক্ষাদান নিশ্চিত করতে ৭ লাখ শিক্ষককে বিনা মূল্যে আধুনিক ট্যাবলেট কম্পিউটার দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ খাতে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৮০০ কোটি টাকা। অর্থাৎ প্রতিটি ট্যাবের গড় মূল্য হবে ৪০ হাজার টাকা।

শিক্ষকদের আধুনিক ই-লার্নিং পদ্ধতিতে দক্ষ করে তুলতে ডিজিটাল পেডাগজি ও ইন্টারঅ্যাকটিভ ক্লাস পরিচালনার ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এ প্রশিক্ষণে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ১০০ কোটি টাকা। ট্যাব বিতরণ ও প্রশিক্ষণ মিলিয়ে শিক্ষকদের জন্য মোট ব্যয় হবে প্রায় ৪ হাজার ৯০০ কোটি টাকা।

প্রকল্পের আওতায় ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখ শ্রেণিকক্ষে ইন্টারঅ্যাকটিভ এডুকেশন প্যানেল স্থাপনের পরিকল্পনাও রয়েছে। শ্রেণিকক্ষ আধুনিকায়নে ব্যয় ধরা হয়েছে ৫ হাজার কোটি টাকা।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত বৈষম্য কমাতে ১০০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড সংযোগ, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক ও বিনা মূল্যে ওয়াই-ফাই চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষার মান পর্যবেক্ষণে কেন্দ্রীয় লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস), জাতীয় কনটেন্ট রিপোজিটরি এবং কেন্দ্রীয় মনিটরিং ও ডেটা অ্যানালিটিকস সিস্টেম স্থাপন করা হবে।

ইন্টারনেট সংযোগ, ক্যাম্পাস নেটওয়ার্ক, এলএমএস-কনটেন্ট রিপোজিটরি এবং মনিটরিং ও অ্যানালিটিকস সিস্টেম স্থাপনে প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

প্রকল্পের প্রশাসনিক ব্যয়ের জন্য ১২০ কোটি টাকা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও সম্মানীর জন্য ৬০ কোটি টাকা এবং সাধারণ থোক বরাদ্দ হিসেবে আরও ১৫০ কোটি টাকা রাখার প্রস্তাব রয়েছে।

প্রস্তাবনায় বলা হয়েছে, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও স্মার্ট লার্নিং পরিবেশ গড়ে তোলার মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন করা হবে। একই সঙ্গে শহর ও গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান ডিজিটাল বৈষম্য কমানোর লক্ষ্যও রয়েছে।

প্রকল্পে এআই, কোডিং, স্মার্ট ক্লাসরুম ও আইসিটি ল্যাবের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি এবং আনন্দদায়ক শিক্ষার পরিবেশ তৈরিতে অডিও-ভিজ্যুয়াল ও ইন্টারঅ্যাকটিভ প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবনায় আরও বলা হয়েছে, দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং বিশ্ববাজারের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: এশিয়া পোস্ট