চলন্ত অবস্থায় মেট্রোরেলের একটি দরজা খুলে যাওয়ার ঘটনায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যায়। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
তিনি জানান, সকাল ৭টা ৩৭ মিনিটে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে সংশ্লিষ্ট কর্মীরা যান্ত্রিক ত্রুটি শনাক্ত করে তা মেরামত করেন। ত্রুটি সমাধানের পর সকাল ৮টা ৩ মিনিটে পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়।
এ ঘটনায় প্রায় ২৬ মিনিট মেট্রোরেল সার্ভিস বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।



