tanaka
প্রচ্ছদসারাদেশমুম্বাইয়ে সেতু থেকে বিএমডব্লিউ পড়ে নিহত ৩

মুম্বাইয়ে সেতু থেকে বিএমডব্লিউ পড়ে নিহত ৩

ভারতের মুম্বাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ে গেছে একটি দ্রুতগতির বিএমডব্লিউ গাড়ি। ভয়াবহ এ দুর্ঘটনায় তিন আরোহীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও একজন। রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে শহরের কোস্টাল রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জানা গেছে, বিএমডব্লিউটি মেরিন ড্রাইভ থেকে হাজি আলীর দিকে যাচ্ছিল। পথে কোনো একসময় চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। এরপর গাড়িটি সড়কের সীমানাপ্রাচীরে ধাক্কা খেয়ে সেতু থেকে নিচে পড়ে যায়।

দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চার আরোহীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন ২১ বছর বয়সী শানায় গাজ্জাল, ১৭ বছর বয়সী ধৈর্য দর্শন শেঠ ও ১৯ বছর বয়সী আদিত্য জাকাসনিয়া।

দুর্ঘটনায় আহত ২৩ বছর বয়সী আদিত্য কালপেশ্বর ওসওয়ালকে হাসপাতালের ট্রমা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার তীব্রতায় গাড়িটির সামনের অংশ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়। বিএমডব্লিউটির ছাদ ভেতরের দিকে ঢুকে পড়েছে এবং উইন্ডশিল্ড পুরোপুরি ভেঙে গেছে। গাড়ির ধাক্কায় সেতুর ওপর থাকা একটি সাইনবোর্ডও ভেঙে যায়।

দুর্ঘটনার পেছনে ঠিক কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা জানতে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।