tanaka

টানা তৃতীয় দিন বিশ্ববাজারে কমল তেলের দাম

টানা তৃতীয় দিন বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ব বাঁশ দিবস আজ

প্রচ্ছদশিক্ষাঙ্গনজিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। এবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব পেয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টায় অনলাইন প্ল্যাটফর্মে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভা অনুষ্ঠিত হয়। পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়।

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, ১৯ মার্চ বি ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ২০ মার্চ সি ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা নেওয়া হবে। একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ডি ইউনিটের (আর্কিটেকচার) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা হবে ২৭ মার্চ।

বি, সি ও এ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্যদিকে, ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত।

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ বলেন, এবার ২১টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব পেয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পাশাপাশি নতুন প্রতিষ্ঠিত আরও তিনটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে যুক্ত হতে পারে বলেও সভায় জানানো হয়েছে।

এর আগে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ ভর্তি ব্যবস্থায় ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত ছিল। নতুন শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা আরও বাড়তে পারে।

গুচ্ছে থাকা ২০ বিশ্ববিদ্যালয়

২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো—ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।

গুচ্ছে যুক্ত হতে পারে আরও তিন বিশ্ববিদ্যালয়

জিএসটি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে নতুন তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এগুলো হলো—বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন এই বিশ্ববিদ্যালয়গুলো এখনো শিক্ষা কার্যক্রমের প্রাথমিক পর্যায়ে রয়েছে। গুচ্ছ পদ্ধতিতে যুক্ত হলে এসব প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রমও সমন্বিতভাবে পরিচালনার সুযোগ তৈরি হতে পারে।