বলিউডের নির্মাতারা কোনো একটি সিনেমা সফল হলেই তার ফর্মুলা অনুসরণ করতে শুরু করেন—এমন প্রবণতার সমালোচনা করেছেন অভিনেত্রী কারিনা কাপুর খান। তার মতে, নতুন কিছু করার বদলে সফল সিনেমার ধাঁচ নকল করার মানসিকতা বলিউডের অন্যতম বড় সমস্যা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নির্মাতা ও দর্শকদের বদলে যাওয়া সম্পর্ক নিয়ে কথা বলেন কারিনা। তিনি বলেন, কোনো সিনেমা সফল হওয়ার পর অনেক সময় ইন্ডাস্ট্রি সেই সাফল্যের প্রকৃত কারণ বোঝার চেষ্টা না করে একই ধরনের সিনেমা নির্মাণে ঝুঁকে পড়ে।
এ প্রসঙ্গে সন্দীপ রেড্ডি বাঙ্গা পরিচালিত রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমার উদাহরণ টানেন তিনি। কারিনার ভাষ্য, ‘অ্যানিমেল’ সফল হওয়ার পর হিংসাত্মক গল্প নিয়ে সিনেমা তৈরির প্রবণতা বেড়েছে।
কারিনা বলেন, দর্শক এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন ও বুদ্ধিমান। তারা বুঝতে পারেন কোন সিনেমা ভালো এবং কোন ধরনের সিনেমা তারা দেখতে চান। শুধু তরুণ-তরুণীর প্রেমের গল্প কিংবা নির্দিষ্ট কোনো ঘরানার ওপর নির্ভর করে এখন আর দর্শকদের আকৃষ্ট করা সম্ভব নয়।
তার ভাষায়, ‘অ্যানিমেল’ হিট করেছে, তাই সবাই হিংসাত্মক সিনেমা বানাবে—ইন্ডাস্ট্রিতে এমন একটি মানসিকতা কাজ করছে। নির্মাতাদের এই প্রবণতাকে গড্ডালিকা প্রবাহে গা ভাসানোর সঙ্গে তুলনা করেন তিনি।
তবে ভিন্নধারার সিনেমা নির্মাণে আগ্রহী নির্মাতাদের প্রশংসা করেছেন কারিনা। তার মতে, এমন অনেক নির্মাতা আছেন, যারা গতানুগতিক পথে না হেঁটে নতুন কিছু তৈরি করতে চান এবং দর্শকদের ভাবতে বাধ্য করেন। তাদের নিজস্ব দর্শকও তৈরি হয়েছে।
কারিনা বলেন, দর্শক এখন প্রচার বা ট্রেলার দেখেই সিনেমাটি দেখতে চান কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। তারা প্রশ্ন করেন এবং বেছে বেছে সিনেমা দেখেন। ফলে শুধু একটি নির্দিষ্ট ঘরানার সিনেমা তৈরি করলেই সেটি বক্স অফিসে সফল হবে—এমন ধারণা থেকে নির্মাতাদের বেরিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, তরুণ দর্শক এখন অনেক বেশি চিন্তাশীল। শুধু সিনেমাটি কমেডি বা অন্য কোনো জনপ্রিয় ঘরানার হলেই দর্শক প্রেক্ষাগৃহে যাবেন—এমন নিশ্চয়তা নেই। সব সিনেমা ২০০ কোটি বা ৫০০ কোটি টাকা আয় করবে না। তার মতে, পরিবর্তন আসছে এবং দর্শকরাই সেই পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি।
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অ্যানিমেল’ বাণিজ্যিকভাবে বড় সাফল্য পেয়েছিল। রণবীর কাপুর অভিনীত চরিত্রের সঙ্গে তার বাবা, অনিল কাপুর অভিনীত চরিত্রের জটিল সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে ছিল ব্যাপক সহিংসতা ও বিতর্ক। বিশ্বব্যাপী সিনেমাটি ৯০০ কোটির বেশি টাকা আয় করে। এর দ্বিতীয় পর্বও নির্মাণাধীন।
এদিকে কারিনাকে এবার দেখা যাবে ভিন্ন ঘরানার সিনেমায়। মেঘনা গুলজার পরিচালিত তদন্তমূলক সিনেমা ‘দায়রা’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এতে তার সঙ্গে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন। আগামী ১৮ সেপ্টেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।



