tanaka
প্রচ্ছদসারাদেশসিলেটে হাম ও উপসর্গের রোগী হাজার ছাড়াল, ডেঙ্গু আক্রান্ত ২৬১

সিলেটে হাম ও উপসর্গের রোগী হাজার ছাড়াল, ডেঙ্গু আক্রান্ত ২৬১

সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েই চলেছে। একই সঙ্গে ডেঙ্গু পরিস্থিতিও উদ্বেগজনক হয়ে উঠেছে।

বিভাগীয় স্বাস্থ্য অফিসের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে এ পর্যন্ত ১ হাজার ৪৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৩৭৬, সুনামগঞ্জে ৩৫৭, মৌলভীবাজারে ১৫৮ এবং হবিগঞ্জে ১৫৩ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম শনাক্ত না হলেও হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৩ জন। এ সময় মিম তাহসিন নিজাম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ নিয়ে বিভাগে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬০ জনে। এর মধ্যে সিলেটে ৬৫, সুনামগঞ্জে ৫৯, হবিগঞ্জে ২২ এবং মৌলভীবাজারে ১৪ জন মারা গেছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৯৯ জন হাম রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৪ জন এবং শহীদ শামসুদ্দিন হাসপাতালে ১৪৯ জন ভর্তি রয়েছেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. মাহবুবুল আলম জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬১ জনে।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হবিগঞ্জে ১১৫, সুনামগঞ্জে ৫৯, সিলেটে ৪৯, মৌলভীবাজারে ২৭ এবং অন্যান্য জেলার ১১ জন রয়েছেন। এ পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে।

বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।