চীনের পূর্বাঞ্চলীয় বন্দরনগরী কিংদাওয়ে একটি বিদেশি কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। জাহাজটি মেরামতের জন্য চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি শিপইয়ার্ডে অবস্থান করছিল।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন।
কিংদাওয়ের বেইহাই শিপবিল্ডিং শিপইয়ার্ডে মেরামত ও পরিদর্শনের সময় স্থানীয় সময় সকাল ১১টার দিকে জাহাজটিতে আগুন লাগে। ওই সময় জাহাজে ৪২ জন ছিলেন। তাদের মধ্যে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এপি জানিয়েছে, প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে দ্রুত ও জোরালো অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রকাশিত ছবিতে জাহাজটিকে ‘Ocean Melody’ নামে শনাক্ত করা হয়েছে। লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি মেরামতের জন্য কিংদাওয়ের ওই শিপইয়ার্ডে অবস্থান করছিল।
বেইহাই শিপবিল্ডিং শিপইয়ার্ডটি চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বড় প্রতিষ্ঠানের অধীন।



