tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকনেদারল্যান্ডসে পরিবহন ধর্মঘট, বন্ধ প্রায় সব ট্রেন

নেদারল্যান্ডসে পরিবহন ধর্মঘট, বন্ধ প্রায় সব ট্রেন

সামাজিক নিরাপত্তা খাতে প্রস্তাবিত ব্যয় কমানোর প্রতিবাদে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটে বুধবার (৯ সেপ্টেম্বর) প্রায় অচল হয়ে পড়ে নেদারল্যান্ডসের রেল যোগাযোগ ব্যবস্থা। দেশটির প্রায় সব ট্রেন ২৪ ঘণ্টার জন্য বন্ধ ছিল বলে জানিয়েছে ডাচ সম্প্রচারমাধ্যম এনওএস। এ তথ্যের বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

শ্রমিক সংগঠন এফএনভি জানিয়েছে, ধর্মঘটে কয়েক হাজার গণপরিবহন কর্মী অংশ নিয়েছেন। তবে অংশগ্রহণকারীর সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রেল চলাচল বন্ধ থাকার পাশাপাশি শহর ও আঞ্চলিক গণপরিবহন ব্যবস্থাতেও ব্যাপক বিঘ্ন ঘটে। এর ফলে বিপুলসংখ্যক মানুষকে বাড়ি থেকে কাজ করতে হয়েছে বলে জানিয়েছে এনওএস।

আমস্টারডামে ফেরি চলাচল বন্ধ থাকায় একটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী ও শিক্ষকদের যাতায়াতের জন্য বিকল্প হিসেবে একটি পর্যটন নৌযানের ব্যবস্থা করে।

তবে ধর্মঘটের কৌশল নিয়ে সমালোচনা করেছে যাত্রী সংগঠন রোভার। সংগঠনটির দাবি, শ্রমিক ইউনিয়নগুলো দুর্বল ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পক্ষে অবস্থান নেওয়ার কথা বললেও গণপরিবহন বন্ধের কারণে এসব মানুষের চলাচল আরও কঠিন হয়ে পড়ছে। তাই দাবি আদায়ে ধর্মঘটের পরিবর্তে বিকল্প কর্মসূচি নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সামাজিক নিরাপত্তা খাতে সরকারের পরিকল্পিত ব্যয় কমানোর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে এই ধর্মঘটের ডাক দেয় এফএনভি। ইউনিয়নগুলোর দাবি, প্রস্তাবিত ব্যয় কমানোর সিদ্ধান্ত পুরোপুরি বাতিল করতে হবে।

সরকার পরে পরিকল্পনার কিছু অংশ প্রত্যাহারের ঘোষণা দিলেও ইউনিয়নগুলোর মতে, এতে তাদের মূল দাবি পূরণ হয়নি। ফলে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।

সূত্র: আনাদোলু এজেন্সি