ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা বলেছেন, জাতির সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের বেইমানি ইতিহাসের পাতায় লেখা থাকবে।
বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬টায় দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে উমামা লেখেন, “কারচুপির নির্বাচনের জন্য ১৪০০ মানুষ মরছে! একি ইতিহাস, একি ব্যবস্থা। এতগুলো পরিবার নিঃস্ব হলো। অভিনব কায়দায় নির্বাচন কারচুপি হয়েছে। বাংলাদেশের ইতিহাসের এক কালো রাত হয়ে থাকবে এটি।”
ইসলামী ছাত্রশিবির প্রসঙ্গে তিনি আরও বলেন, “নিজেদের হীনস্বার্থে ছাত্রশিবির যে বেইমানি করেছে জাতির সঙ্গে, তা ইতিহাসের পাতায় লেখা থাকবে।”
ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা উমামা ফাতেমা ৩৩৮৯ ভোট পেলেও ভোটের ফল ঘোষণার আগেই নির্বাচন বর্জনের ঘোষণা দেন।



