tanaka
প্রচ্ছদসারাদেশমহাসড়ক অবরোধ: ঢাকার সঙ্গে ২১ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

মহাসড়ক অবরোধ: ঢাকার সঙ্গে ২১ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন বাদ দিয়ে সেগুলো পার্শ্ববর্তী ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনে যুক্ত করার গেজেট প্রকাশের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে এ অবরোধ শুরু হয়।

এর ফলে ঢাকা-বরিশাল, ঢাকা-খুলনা এবং ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এতে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের অন্তত ২১ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-গোপালগঞ্জ-খুলনা মহাসড়ক, সকাল ৭টা ৪৫ মিনিটে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক এবং সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয় এলাকাবাসী। তারা সড়কে টায়ার জ্বালিয়ে, গাছ ফেলে এবং মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

বিক্ষোভকারীরা ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদি, হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ, নোয়াপাড়া, মাধবপুর, হামিরদী, মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া এবং ভাঙ্গা পৌরসভার হাসপাতাল মোড়ে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। এতে মহাসড়কে অসংখ্য যানবাহন আটকে পড়েছে।

এর আগেও শুক্রবার ও মঙ্গলবার একই দাবিতে স্থানীয়রা ভাঙ্গায় সড়ক অবরোধ করেছিলেন।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান কালের কণ্ঠ-কে জানান, “ভাঙ্গার দুটি ইউনিয়ন অন্য আসনে যুক্ত করার গেজেটের প্রতিবাদে সকাল থেকেই সড়ক অবরোধ চলছে। সাড়ে ৭টায় ঢাকা-খুলনা মহাসড়ক, ৭টা ৪৫ মিনিটে ফরিদপুর-বরিশাল মহাসড়ক এবং ৯টা ২০ মিনিটে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।”