ভিসা জালিয়াতির পরিণতি অত্যন্ত গুরুতর—এমন বার্তা আবারও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। তারা জানিয়েছে, কেউ যদি যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করার সময় মিথ্যা তথ্য প্রদান করেন বা ভুয়া নথিপত্র জমা দেন, তবে তার ভিসা স্থায়ীভাবে বাতিল হতে পারে। এর মানে হলো, ওই ব্যক্তি ভবিষ্যতে আর কখনোই যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন না।
সোমবার (৮ সেপ্টেম্বর) মার্কিন দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই বার্তাটি পুনরায় তুলে ধরে। এর আগেও তারা ভিসা প্রার্থীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছিল।
দূতাবাসের ভাষ্যমতে, যারা ভিসা জালিয়াতির সঙ্গে জড়িত, তাদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে। শুধু তাই নয়, অবৈধভাবে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনা বা আশ্রয় দেওয়ার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ফৌজদারি অভিযোগ আনা হবে।
দূতাবাসের বার্তায় আরও উল্লেখ করা হয়, “যদি কোনো দেশের সুরক্ষিত সীমান্ত না থাকে, তবে সেই দেশ একটি জাতি হিসেবে টিকে থাকতে পারে না।”



