আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে পুনরায় স্পষ্ট করেছে সেনা সদর দপ্তর।
সোমবার (৮ সেপ্টেম্বর) সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, বিশ্ববিদ্যালয়সমূহের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। বিশেষভাবে বলা হয়, ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই ওঠে না। পূর্বেও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে।
তবে, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে, যা নির্বাচনী পরিবেশকে অস্থির করার অপচেষ্টা মাত্র। সেনাবাহিনী এই ধরনের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানায়।
বার্তায় আরও বলা হয়, দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়—এটাই সেনাবাহিনীর প্রত্যাশা। এটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্তও স্থাপন করতে পারে।



