নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে এখন পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বর্তমানে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। কমিশনের কাছে প্রতিকূল পরিস্থিতির কোনো তথ্যও আসেনি।”
তিনি আরও জানান, নির্বাচনী সীমানা নির্ধারণে ভোটার সংখ্যা, ভৌগোলিক অখণ্ডতা ও প্রশাসনিক বিষয়সমূহ বিবেচনায় রেখে গেজেট প্রকাশ করা হয়েছে। জেলা পর্যায়ে গড় ও মোট ভোটারসংখ্যা নির্ধারণ করা হয়েছে। তবে সব জায়গায় একইভাবে করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
ভোট আদৌ হবে কি না—এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, “এই প্রশ্ন আমাকেও অনেকেই করেন। ভোট হবে বলেই কমিশন রোডম্যাপ ঘোষণা করেছে।”
রাজনৈতিক দল নিবন্ধন প্রসঙ্গে তিনি জানান, প্রায় সব রিপোর্ট ইতোমধ্যে কমিশনের হাতে এসেছে এবং এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তবে নিবন্ধনের শেষ ধাপে দলগুলোর নাম নিয়ে আপত্তি জানানোর সুযোগ রাখা হবে।
সংবিধান ও আইন নিয়ে বিভ্রান্তির বিষয়ে আনোয়ারুল ইসলাম বলেন, প্রস্তাবিত আরপিও (নির্বাচনী আইন) সংশোধনী আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পর চূড়ান্ত হবে। যদি কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকে, তাহলে তা সমন্বয় করা হবে।



