tanaka
প্রচ্ছদজাতীয়ঢাকায় মাগুরার সাংবাদিকদের নতুন সংগঠন ‘মাগুরা জার্নালিস্ট ফোরাম’

ঢাকায় মাগুরার সাংবাদিকদের নতুন সংগঠন ‘মাগুরা জার্নালিস্ট ফোরাম’

ঢাকায় কর্মরত মাগুরার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি পেশাগত উন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকা’।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাওয়া ক্লাবে সংগঠনটির উদ্বোধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটে।

নবগঠিত সংগঠনের প্রথম কমিটিতে সভাপতি হয়েছেন চ্যানেল আইয়ের শাহিনুর ইসলাম। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এটিএন নিউজের রবিউল ইসলাম রবি এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাপ্তাহিক ২১-এর সম্পাদক হাসানুজ্জামান সুমন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও সাংবাদিক আবু সালেহ। সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (প্রেস-১) জাহিদুল ইসলাম রনি, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সাংবাদিক শহীদুজ্জামান মোহন, প্রবীণ সাংবাদিক আব্দুল্লাহ ওয়াজেদ, দীপ্ত টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক এস এম আকাশ এবং জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য বশির হোসেন মিয়া।

এ ছাড়া সিনিয়র সাংবাদিক সৈয়দ মাজহারুল পারভেজ, কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক বদিউজ্জামান, এটিএন নিউজের হেড অব স্পোর্টস পবিত্র কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মতিউর রহমান টুকু এবং দৈনিক মুক্ত খবরের বিশেষ প্রতিবেদক রুস্তম মল্লিকসহ সাংবাদিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক জাহিদ রহমান উপদেষ্টামণ্ডলীর সম্মতিক্রমে নতুন কমিটির নাম ঘোষণা করেন।

বক্তারা বলেন, মাগুরা থেকে উঠে আসা সাংবাদিকদের ঢাকায় একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে যুক্ত করার ক্ষেত্রে নতুন সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অভিজ্ঞ সাংবাদিকদের পরামর্শ ও দিকনির্দেশনায় সদস্যরা পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি একে অন্যের সহযোগিতা ও কল্যাণে কাজ করবেন।

তাদের মতে, ঢাকায় কর্মরত মাগুরার সাংবাদিকদের মধ্যে যোগাযোগ ও ভ্রাতৃত্ববোধ জোরদারের পাশাপাশি পেশাগত উৎকর্ষ অর্জনেও সংগঠনটি সহায়ক হবে। একই সঙ্গে মাগুরার ইতিহাস, ঐতিহ্য, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড জাতীয় পর্যায়ে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মান উন্নয়নের পাশাপাশি তাদের স্বার্থ ও কল্যাণে কাজ করবে ফোরাম। মাগুরার মানুষের সমস্যা, সম্ভাবনা, প্রত্যাশা ও উন্নয়ন কর্মকাণ্ড জাতীয় গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরাও সংগঠনের অন্যতম উদ্দেশ্য।

ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চার মাধ্যমে সংগঠনটি ভবিষ্যতে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। মাগুরার ইতিবাচক ভাবমূর্তি এবং জেলার অগ্রগতি ও সম্ভাবনাকে আরও বিস্তৃতভাবে তুলে ধরতেও সংগঠনটি ভূমিকা রাখবে বলে তারা জানান।

আলোচনা শেষে কেক কাটা ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী এক সপ্তাহের মধ্যে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।