tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলকপালের পাশে বসেই শরীরের তথ্য জানাবে ‘টেম্পল’

কপালের পাশে বসেই শরীরের তথ্য জানাবে ‘টেম্পল’

শরীর ও মস্তিষ্কের বিভিন্ন কার্যকলাপ সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য নতুন ধরনের একটি ওয়্যারেবল ডিভাইস বাজারে আনতে যাচ্ছে ‘টেম্পল’। কপাল ও কানের মাঝামাঝি অংশে পরার উপযোগী ছোট এই ডিভাইসটি শরীরের বিভিন্ন জৈবিক পরিবর্তনের তথ্য সংগ্রহ করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

জোম্যাটোর প্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়েল সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ডিভাইসটি নিয়ে তথ্য জানান। এর আগে পিভি সিন্ধুসহ কয়েকজন অ্যাথলিটের কপালের পাশে টেম্পল ডিভাইসটি দেখা গিয়েছিল। পরে রাজ শামানির পডকাস্টে গোয়েল নিজে এটি পরে উপস্থিত হলে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়।

প্রতিষ্ঠানটির দাবি, কব্জি বা শরীরের অন্য অংশের তুলনায় মাথার নির্দিষ্ট স্থানে ডিভাইসটি বসানোর ফলে মস্তিষ্কের রক্তপ্রবাহ, অক্সিজেনের মাত্রা এবং শরীরের বিভিন্ন প্রতিক্রিয়া আরও কার্যকরভাবে পরিমাপ করা সম্ভব হতে পারে।

২৪ ঘণ্টা নজরদারিতে থাকবে শরীর

টেম্পল ডিভাইসটি ব্যবহারকারীর দৈনন্দিন শারীরিক ও মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ করার জন্য তৈরি করা হয়েছে। ঘুম, মানসিক চাপ, ব্যায়াম এবং শরীরের পুনরুদ্ধারের মতো বিষয়গুলোর তথ্য এতে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

ডিভাইসটির অন্যতম আলোচিত বৈশিষ্ট্য হলো ‘এনট্রপি’ নামের একটি বায়োমার্কার। দীপিন্দর গোয়েলের ব্যাখ্যায়, এটি শরীর বেঁচে থাকার প্রক্রিয়ায় প্রতি মুহূর্তে যে ধরনের জৈবিক চাপের মধ্য দিয়ে যায়, তার একটি তাৎক্ষণিক পরিমাপ।

এনট্রপিকে দুটি ভাগে দেখানো হচ্ছে—রেস্টিং এনট্রপি এবং ম্যাক্স এনট্রপি

রেস্টিং এনট্রপির মাধ্যমে বিশ্রামের সময় শরীরের অবস্থা সম্পর্কে তথ্য পাওয়া যাবে। আর ম্যাক্স এনট্রপি থেকে শরীরের সর্বোচ্চ কর্মক্ষমতা এবং কতটা শারীরিক চাপ সহ্য করতে পারে, সে সম্পর্কে ধারণা পাওয়ার লক্ষ্য রয়েছে।

আগের চেয়ে আরও ছোট হবে নতুন সংস্করণ

গোয়েল জানিয়েছেন, টেম্পলের নতুন সংস্করণটি আগের মডেলের তুলনায় আকারে অর্ধেকেরও কম হবে। তার দাবি, আয়তনের দিক থেকে এটি বাজারের সবচেয়ে ছোট ওয়্যারেবল ডিভাইসগুলোর একটি হতে পারে।

প্রতিষ্ঠানটির প্রথম ১০০টি ডিভাইসের প্রি-বুকিং শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের শেষ হওয়ার আগেই গ্রাহকদের কাছে টেম্পল পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।

দাম নিয়েও পরিবর্তিত তথ্য পাওয়া গেছে। শুরুতে ডিভাইসটির সম্ভাব্য মূল্য প্রায় ৭২ হাজার টাকা বলা হলেও পরে দীপিন্দর গোয়েল জানিয়েছেন, এর দাম আনুমানিক ১ লাখ টাকা বা প্রায় ১ হাজার মার্কিন ডলার হতে পারে।

শরীরের বিভিন্ন সূচক পর্যবেক্ষণে ওয়্যারেবল প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। সেই ধারায় মাথার কাছাকাছি অবস্থান থেকে শারীরিক ও স্নায়বিক কার্যক্রমের তথ্য সংগ্রহের দাবি করা টেম্পল বাজারে কতটা কার্যকর প্রমাণিত হয়, সেটিই এখন দেখার বিষয়।