tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারালেন এক বাংলাদেশি

ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারালেন এক বাংলাদেশি

উত্তর আফ্রিকার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের চেষ্টা করছিলেন এক বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী। কিন্তু যাত্রা শেষ করতে পারলেন না—লাম্পেদুসা উপকূলে পৌঁছালেও তিনি নৌকার মধ্যেই প্রাণ হারান।

ইতালির কোস্টগার্ড এবং ফিনান্সিয়াল পুলিশ সোমবার রাতে ১০ মিটার দীর্ঘ একটি নৌকা থেকে ওই বাংলাদেশির মরদেহ উদ্ধার করে। এখনো তার নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। একই নৌকায় থাকা আরও ৫১ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, নৌকাটিতে থাকা হাইড্রোকার্বন বা জ্বালানির বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হতে পারে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কালা পিসানার একটি মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশ, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সিরিয়া ও সুদানের নাগরিকরা রয়েছেন। তাদের মধ্যে দুজন নারী ও একজন অপ্রাপ্তবয়স্কও আছেন।

উদ্ধারকৃতরা জানান, লাম্পেদুসার ফাভারোলো জেটিতে নামার আগে নৌকায় থাকা এক ব্যক্তি সাগরে পড়ে যান। তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া অভিবাসীদের দক্ষিণ ইতালির ইমব্রিয়াকোলা জেলার একটি অভিবাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

অনিয়মিত অভিবাসন: বাংলাদেশিরাই শীর্ষে

২০২৪ সালে ইতালির সরকার অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিলেও চলতি বছরে (২০২৫) সে সংখ্যা আবার কিছুটা বেড়েছে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছিল ৪২,৯৯৯ জন অনিয়মিত অভিবাসী। কিন্তু ২০২৫ সালে একই সময়ে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩,৮৬০ জনে।

চলতি বছরে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রয়েছেন বাংলাদেশিরা—১৩,২৭১ জন। এরপর রয়েছে ইরিত্রিয়া (৫,৮১১ জন), মিশর, পাকিস্তান, সুদান, ইথিওপিয়া এবং সোমালিয়া।