tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকইসরায়েলের বসতি পরিকল্পনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ক্ষোভ

ইসরায়েলের বসতি পরিকল্পনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ক্ষোভ

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নতুন বসতি নির্মাণ পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

ইসরায়েল বিতর্কিত ই-১ (E1) বসতি প্রকল্পের আওতায় ১ হাজার ২০০টির বেশি নতুন আবাসিক ইউনিট নির্মাণের জন্য দরপত্র আহ্বান করার পর এ প্রতিক্রিয়া জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম বলেন, জেরুজালেমের পূর্বদিকে অবস্থিত ই-১ এলাকা একটি কার্যকর ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে ইসরায়েলি বসতি সম্প্রসারণ করা হলে পশ্চিম তীর কার্যত বিভক্ত হয়ে পড়বে।

তিনি আরও বলেন, এর ফলে ভৌগোলিকভাবে সংযুক্ত একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইসরায়েলের এই পদক্ষেপ শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থানের প্রতি ন্যূনতম সম্মানও প্রদর্শন করছে না।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, ই-১ প্রকল্পে যেসব আন্তর্জাতিক কোম্পানি অংশ নেবে, তাদের কার্যক্রমের ওপর তার সরকার ‘সতর্কভাবে নজর রাখবে’ এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ই-১ এলাকা নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে। সমালোচকদের আশঙ্কা, সেখানে বড় আকারে ইসরায়েলি বসতি নির্মাণ করা হলে পশ্চিম তীরের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এতে ভবিষ্যতে একটি স্বাধীন ও ভৌগোলিকভাবে সংযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টা আরও জটিল হয়ে পড়তে পারে।

সূত্র: আল-জাজিরা