তরুণদের দক্ষতা উন্নয়নের লক্ষ্য শুধু চাকরি পাওয়া বা ব্যক্তিগত কর্মসংস্থানে সীমাবদ্ধ না রেখে জাতীয় স্বার্থ ও দেশের অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ফ্রম স্কিল টু অপরচুনিটি’ শীর্ষক চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শুধু বিদ্যমান চাকরির বাজারের জন্য দক্ষ জনশক্তি তৈরি করলেই হবে না; পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং চাকরির বাজার সম্প্রসারণের উদ্যোগও নিতে হবে। এ জন্য তরুণদের নিজেদের দক্ষতার পাশাপাশি দেশের অর্থনীতি, শিল্পনীতি ও রাষ্ট্রীয় কাঠামো সম্পর্কে ধারণা রাখতে হবে।
তিনি বলেন, সীমিত ভৌগোলিক পরিসরে বিপুল জনগোষ্ঠীর জন্য শুধু প্রচলিত চাকরির ওপর নির্ভর করলে চলবে না। শিল্প, প্রযুক্তি ও উৎপাদনের নতুন নতুন ক্ষেত্র তৈরি করতে হবে। তরুণদের ক্যারিয়ার গড়ার পাশাপাশি তাদের দক্ষতা ও মেধা যেন দেশের উন্নয়নে কাজে লাগে, সেদিকেও নজর দিতে হবে।
পোশাকশিল্পের উদাহরণ তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, দক্ষিণ কোরিয়া থেকে প্রযুক্তি ও জ্ঞান এনে দেশের জনশক্তিকে পোশাকশিল্পের সঙ্গে যুক্ত করা এবং উদ্যোক্তাদের প্রশিক্ষণ, ব্যাংক ঋণ ও নীতিগত সহায়তা দেওয়ার মাধ্যমে এ খাতের ভিত্তি তৈরি হয়েছিল। সঠিক নীতিগত সিদ্ধান্তের সুফল দীর্ঘমেয়াদে পুরো অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
তরুণদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, “ক্যারিয়ার গড়ার পাশাপাশি ক্যারিয়ারের লক্ষ্য যাতে জাতীয় স্বার্থমুখী হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে।”
অনুষ্ঠানে তরুণদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের কারিকুলামে নৈতিকতা, দর্শন এবং দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।
ইএসডিও, ‘চোরগউসান ফর চিল্ড্রেন’ ও ‘এডুকো’র সহায়তায় চাকরি মেলাটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী, ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মো. শহিদ উজ জামানসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।



